ক্রীড়া প্রতিবেদক।।
ডুনেডিন, নেলসনের তুলনায় নেপিয়ারের ম্যাকলারেন পার্কের উইকেটে বাউন্স নাকি আরও বেশি। তাই তৃতীয় ওয়ানডেতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। সৌম্য-লিটনরা কি পারবেন সে চ্যালেঞ্জ মোকাবিলা করে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ নিতে? নাকি এরই মধ্যে ২-০তে সিরিজ নিশ্চিত করা কিউইরা দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে জয়ের পরিসংখ্যানটা ২০-০তে নিয়ে যাবেন! শনিবার ভোরে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
চ্যালেঞ্জটা বেশি আসলে ব্যাটারদের। সৌম্য সরকারের ১৬৯ রানের ইনিংসটি ছাড়া সিরিজের গত দুই ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটারই বলার মতো কিছু করতে পারেননি। এর মধ্যেও বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ওপেনার এনামুল হক বিজয়ের ৪৩ রান আশা জাগাবে। দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের ৪৫ রানও ভরসা করার মতো। তবে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর রান না পাওয়াটা দুশ্চিন্তার।
দলের অভিজ্ঞ এ দুই ব্যাটার আউটও হচ্ছেন বেশ বাজেভাবে। কিউইদের অনভিজ্ঞ বোলিংকেই সামলাতে পারছেন না তারা। সবচেয়ে শঙ্কার বিষয় হলো, নিউজিল্যান্ডের পিচের বাউন্সের সঙ্গে তারা মানাতেই পারছেন না। আসলে কিউই কন্ডিশনে ভরসা সৌম্য সরকারই। বাঁহাতি এ ওপেনার কী পারেন, সেটা গত ম্যাচে দেখিয়ে দিয়েছেন। তাঁর সঙ্গে আজ বাকিরাও যদি জ্বলে উঠতে পারেন, তাহলেই একটা কিছু সম্ভব।
এই মাঠে জিততে হলে আগে ব্যাটিং করলে তিনশর ওপরে রান করতে হবে। এখানে ৯টি তিনশর ওপর ইনিংস আছে। যার অধিকাংশই স্বাগতিক নিউজিল্যান্ডের। বাংলাদেশের বিপক্ষে রয়েছে দুটি। তবে এ মাঠে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো না। এখানে বাংলাদেশের সর্বোচ্চ রান ২৩২। ২০১৯ সালের শুরুতে আলোচিত সেই সফরের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এখানে এ রান করেছিল। মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে সহজেই ৮ উইকেটে সে ম্যাচ জিতেছিল কিউইরা।
নিউজিল্যান্ডে জিততে হলে বোলারদেরও বড় ভূমিকা নিতে হবে, বিশেষ করে পেসারদের। কিন্তু গত দুই ম্যাচে বাংলাদেশের বোলিং স্বাগতিকদের ওপর তেমন কোনো চাপই সৃষ্টি করতে পারেনি। নেলসনে গত ওয়ানডেতে ২৯১ রানও স্বাচ্ছন্দ্যে টপকে যায় কিউইরা। এ কারণেই আজ শরিফুল ও হাসান মাহমুদের সঙ্গে মুস্তাফিজকে একাদশে দেখা যেতে পারে। তানজিম হাসান সাকিবের জায়গায় আসতে পারেন মুস্তাফিজ। গত ম্যাচে ব্যর্থ হওয়ার সত্ত্বেও লেগস্পিনার রিশাদ হোসেনকে আরও একটি সুযোগ দেওয়া হতে পারে।
নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। এ সিরিজে তাদের তরুণ পেসারদের পারফরম্যান্সে বেশ খুশি টিম ম্যানেজমেন্ট। গতকাল দুই তরুণ পেসার জ্যাকব ডাফি ও উইল ও’রোকির বেশ প্রশংসা করেছেন জাতীয় দল থেকে বিশ্রামে থাকা টিম সাউদি। জাতীয় দল থেকে বিশ্রামে থাকলেও ঘরোয়া টি২০ টুর্নামেন্টে খেলছেন তিনি। সেখানেই এ প্রশংসা করেন সাউদি।
তবে সিরিজ নিশ্চিত হয়ে গেলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না কিউইরা। গতকাল নেপিয়ারে পৌঁছে অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সেটা বুঝিয়ে দিয়েছেন, ‘দুটি ম্যাচই বাংলাদেশ ভালো খেলেছে। কখনও কখনও তারাই নিয়ন্ত্রণে ছিল। সৌম্য সেদিন যেভাবে খেলেছে, অবিশ্বাস্য। আর প্রথম ম্যাচে শূন্য রানে আমাদের দুই ব্যাটার সাজঘরে ফিরে গিয়েছিল। তারা প্রতিনিয়ত আমাদের চাপে রেখেছে।’











































