Home আঞ্চলিক ত্রাণ বিতরণের পাশাপাশি নৌবাহিনীর বৃক্ষরোপন অভিযান অব্যাহত

ত্রাণ বিতরণের পাশাপাশি নৌবাহিনীর বৃক্ষরোপন অভিযান অব্যাহত

9

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ রোধকল্পে কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী তাদের বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভয়াবহ সংক্রমণরোধে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নৌ সদস্যরা। করোনা পরিস্থিতির প্রভাবে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কর্ম সংকটে ভোগা এসব অসহায় মানুষের খাদ্য ঘাটতি পূরণ করতে বিএসও খুলনা কর্তৃক কাস্টমঘাট বস্তিসহ খুলনা শহরের বিভিন্ন বস্তিতে ৪’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে নৌবাহিনীর সদস্যরা।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ ও বিস্কুট। দরিদ্র মানুষজন এ খাবার পেয়ে অত্যন্ত খুশি হয় ও নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার বৈদ্যমারি, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চিলারহাট, হাসপাতাল চত্ত্বর, ফেরিঘাট, বরগুনা জেলা সদর, বামনা, বেতাগী ও আমতলী এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। বেতাগী ইউনিয়নে ২৩৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এছাড়া উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ২০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বোঝানো হয়।

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বছরব্যাপী যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপনের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সারা দেশে ১ (এক) কোটি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে অধিনায়ক বানৌজা তিতুমীর এর নেতৃত্বে সুবিধাজনক স্থানে পর্যাপ্ত সংখ্যক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়। এছাড়াও অধিনায়ক নাবিকদের নিজবাসগৃহের পার্শ্ববর্তী এলাকা, পতিত জমি ও পুকুর পাড়ে বৃক্ষরোপন করার পরামর্শ প্রদান করেন।