Home খেলাধুলা আফগানিস্তানের সেই সমালোচিত অ্যানালিস্ট কাজ করবেন বাংলাদেশের হয়ে

আফগানিস্তানের সেই সমালোচিত অ্যানালিস্ট কাজ করবেন বাংলাদেশের হয়ে

38

ক্রীড়া প্রতিবেদক।।

বাংলাদেশ জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে ছয় বছর কাজ করেছেন শ্রীনিবাস চন্দ্রশেখরন। ভারত বিশ্বকাপ শেষেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। শ্রীনিবাস চাকরি ছাড়ায় এবার নতুন অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজে বাংলাদেশ দলের অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন মহসিন শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন জালাল ইউনুস চৌধুরী। তিনি বলেন, মহসিনকে এক সিরিজের জন্য নিচ্ছি আমরা।

জালাল ইউনুস আরো বলেন, এই নিউজিল্যান্ড সিরিজে সে কাজ করবে। কেমন করে সেটা দেখা হবে। তারপর সিদ্ধান্ত নিবো, কি করবো। এখন সে দলের সঙ্গে নিউজিল্যান্ডে অবস্থান করছে।

মহসিন সর্বশেষ আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপ ও গত এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে ছিলেন তিনি। এশিয়া কাপে একটি ঘটনায় বেশ সমালোচিতও হয়েছিলেন এই অ্যানালিস্ট।

শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকালে সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানিস্তানের। কিন্তু উইকেটে থাকা দুই ব্যাটার ফজল হক ফারুকী ও রশিদ খানকে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি তখনকার সময়ে দলটির অন্যালিস্টের দায়িত্ব পালন করা মহসিন।

অবশ্য মহসিন বেশ লম্বা সময় ধরেই কাজ করছেন। ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দলের হয়ে তার কাজ শুরু হয়। এরপর বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল ও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করেছেন তিনি।