মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের আব্দুল ওহাব নামে অবসরপ্রাপ্ত এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার ( ১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এরআগে করোনা পজেটিভ রিপোর্ট আসায় গত শনিবার (২৭ জুন) তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ডা. আব্দুল ওহাব যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপির হাঁসাডাঙা গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে।
হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এই চিকিৎসক ৩৬ বছর টানা ঢাকা হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করে অবসরে যান। এরপর তিনি ধানমন্ডি এলাকায় ডক্টরস ডায়াগনস্টিকস সেন্টারে নিয়মিত রোগী দেখতেন।
শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, ধানমন্ডি এলাকায় পরিবার নিয়ে থাকতেন মণিরামপুরের সন্তান ডা. আব্দুল ওহাব। করোনা পজেটিভ রিপোর্ট আসায় গত শনিবার তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় বুধবার দিবাগত রাত একটা ৪০ মিনিটে তিনি মারা যান। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ডা. আব্দুল ওহাবের মরদেহ মণিরামপুরে আনা হয়। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়, যোগ করেন চেয়ারম্যান মনি।
ডা. আব্দুল ওহাব মণিরামপুরের মানুষের কাছে গবিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। এই এলাকার কোন রোগী তার কাছে চিকিৎসা নিতে গেলে তিনি বিনা পয়সায় তাদের সেবা দিয়েছেন।
এছাড়া ডাক্তার ওহাব নিজ এলাকায় কয়েকটি মসজিদ মাদরাসার প্রতিষ্ঠাতা। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি স্থানীয় নাগরঘোপ হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।










































