Home খেলাধুলা জাতীয় দল ছেড়ে আইপিএলের দ্রাবিড়!

জাতীয় দল ছেড়ে আইপিএলের দ্রাবিড়!

8

 স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের পরেও শিরোপা জিততে পারেনি ভারত। ফাইনালের মঞ্চে ১ লাখ ৩০ হাজার দর্শকের সমর্থন পেয়েও বাজেভাবে হেরেছে দ্রাবিড়ের শিষ্যরা। দলের এমন হারের পর প্রশ্ন এসেছে কোচের ভূমিকা নিয়েও। যার কারণে ভারতীয় দলের কোচের পদ ছাড়ছেন রাহুল দ্রাবিড়।
দুই বছরের চুক্তিতে ভারতীয় দলের কোচ হয়েছিলেন তিনি। বিশ্বকাপের পর শেষ হয়েছে সেই চুক্তি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোচের দায়িত্বে আর ফিরছেন না সাবেক এই ক্রিকেটার। এবার তাকে দেখা যেতে পারে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলের মেন্টর হিসেবে। বিশ্বকাপ ফাইনালের পর দ্রাবিড়ের কাছে কোচ হিসেবে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আনুষ্ঠানিকভাবে এখনও সে ব্যাপারে কিছুই জানাননি সাবেক এই ব্যাটার। তবে দেশটির গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, কোচ হিসেবে নাকি আর থাকতে চাইছেন না দ্রাবিড়।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, কোচের দায়িত্ব ছাড়ার পর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করতে চান দ্রাবিড়। ইতোমধ্যেই নাকি ফ্যাঞ্চাইজিটির সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন সাবেক এই ক্রিকেটার। গণমাধ্যমের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন আসরেই লখনৌয়ের ড্রেসিংরুমে দেখা যাবে দ্রাবিড়কে।

লখনৌ ছাড়া আরও একটি ফ্যাঞ্চাইজি থেকে কাজের অফার পেয়েছিলেন দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে লখনৌয়ের দেয়া প্রস্তাবই মনে ধরেছে তার। যদিও এর আগে রাজস্থানে কাজ করেছেন দ্রাবিড়। তবে পুরনো ঠিকানায় আর ফেরা হচ্ছে না তার।