স্পোর্টস ডেস্ক।।
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি একবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। সেমির কাছাকাছি গিয়েও একটুর জন্য নক আউট পর্ব টপকাতে পারেনি দলটি। ফলে আসর থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তান দলকে। বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াডে ছিলেন দেশটির ওপেনার ইমাম-উল-হক। আসর শেষ করার পর পরেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। সেই সঙ্গে নিজের বউকেও প্রকাশ্যে নিয়ে আসলেন ইমাম।
বৃহস্পতিবার নরওয়ে প্রবাসী আনমল মেহমুদকে বিয়ে করেছেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। বিয়ে পরবর্তী অনুষ্ঠানে লাহোরে গত আয়োজন করা হয় ‘কাওয়ালি নাইটস’। যেখানে সুরের মূর্ছনায় মেতেছেন তারকা ক্রিকেটার বাবর আজম ও শরফরাজ আহমেদরা।
বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজের গানের সুরে তাল মেলাতে দেখা যায়। তখন স্টেজে শিল্পীরা গাচ্ছিলেন ‘মেরা পিয়া ঘর আয়া’। কাওয়ালি অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিদেরও দেখা গেছে বেশ আমুদে মেজাজে।
পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ, সাবেক লেগ-স্পিনার মুশতাক আহমেদ ও পাকিস্তানের বেশ পরিচিত নারী ধারাভাষ্যকার জয়নব আব্বাস ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ইমামের জাতীয় দলের সাবেক ও বর্তমান সতীর্থদের মধ্যে এদিন হাজির হয়েছিলেন কামরান আকমল, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, উসমান কাদির এবং শাদাব খানরা।
ইমাম-আনমল দম্পতি যথাক্রমে জমকালো কালো এবং ধুসর রঙের পোশাক পরেন কাওয়ালিতে। ইমামের গায়ে কালো চিকানকারি কুর্তা এবং সাদা-ধুসরের মিশেলে রাজকীয় পোশাকে দেখা যায় আনমলকে। ক্রিকেটার, বোর্ড কর্মকর্তাসহ অতিথিরা আকর্ষণীয় পোশাকে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে।









































