Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

23
যশোরে স্বেচ্ছাশ্রমে খালের আবর্জনা অপসারণ

অভয়নগরে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার অভিযান
তামিম আহমেদ মনির।।
যশোরের অভয়নগরে জলাবদ্ধতা নিরসন করতে সুন্দলী বাজার সংলগ্ন ডুমুর বিল ও পাথারঘাটা খাল পুনরুদ্ধার ও কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। গতকাল শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে এরকম ব্যতিক্রম অভিযান দেখা যায়।
জানা গেছে, উপজেলার সুন্দলী, হরিদাসকাটি, রাজাপুর, আমডাঙ্গা, ডহরমশিহাটি, সড়াডাঙ্গা, গোবিন্দপুর, আড়পাড়াসহ অন্তত ১০টি গ্রামের কৃষি জমিতে জলাবদ্ধতার কারণে কৃষকরা ধান আবাদসহ বিভিন্ন ফসলাদি উৎপাদন করতে ব্যর্থ হচ্ছে। এছাড়া জলাবদ্ধতার কারণে মানুষ প্রায় পানিবন্দী হয়ে পড়ে। এ কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে ডুমুর বিল ও পাথারঘাটা খাল পুনরুদ্ধার ও কচুরিপানা অপসারণ শুরু হয়েছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,দীর্ঘদিন ধরে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দীর্ঘ এ খালে কচুরিপনা জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এ উপজেলার ২নং সুন্দলী ইউনিয়নের প্রায় ১০ হাজার হেক্টর জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। এর ফলে কৃষকরা ফসলাদি উৎপাদনে ব্যর্থ হচ্ছিল। এছাড়াও আগামী বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রাম জলাবদ্ধ হওয়ার আশঙ্কা করছিল এলাকাবাসী।
খাল পুনরুদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমনোয়ারা, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল প্রমুখ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয় এ কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রম ভিত্তিক এ ধরনের অভিযান শুরু হয়েছে। এ উপজেলায় সকল প্রকার কৃষি কাজ সফলভাবে করার লক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া ভবিষ্যতে খালে যারা ময়লা আবর্জনা ফেলবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, এই খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এক শ্রেণির মানুষ খালের ভিতরে ময়লা আবর্জনা ফেলে খালের মুখ বন্ধ করে রেখেছে। তাছাড়া কচুরিপানা,বিভিন্ন আগাছাসহ অনেক জায়গায় নেট পাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ করে রাখা হয়েছে। যে কারণে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। যা খাল পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

 

টানা ৪৮ঘন্টা অবরোধ সমর্থনে নগরীতে জেলা যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল
খবর বিজ্ঞপ্তি
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত (২৬ ও ২৭ নভেম্বর) অবরোধ সমর্থনে নগরীতে মশাল মিছিল করেছে খুলনা জেলা যুবদল ও ছাত্রদল। গতকাল শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর খানজাহান আলী রোড থেকে মিছিলটি বের হয়।
মিছিলে অংশগ্রহন করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, মোল্লা সাইফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, আব্দুর রব আকুঞ্জি, শফিকুল ইসলাম বাচ্চু, ইয়ারুল ইসলাম রিপন, হাবিবুর রহমান বেলাল, গাজী শহিদুল ইসলাম, এসএম মারুফ আহমদ, মাহমুদুল হাসান লোটাস, বাহাদুর মুন্সি, রুবেল মীর, ছাত্রদলের সহ-সভাপতি মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, মফিজুল ইসলাম মিঠু, ইমরান খান, আনিচুর রহমান, ফিরোজ মাহমুদ, হেলাল উদ্দিন, শেখ ফারুখ, মীরেশ্বর, জাহিদুল ইসলাম, মিল্টন রয়, জাফর হাসান, আব্দুস সালাম, কাজী জাকারিয়া, আম্মার হোসেন, রাজু আহমেদ, মনিরুজ্জামান সোহাগ, ইসমাইল হোসেন ও বাইজিদ প্রমুখ।।

কালিগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জ ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডিএমসি ক্লাবের আয়োজনে ৪ দলীয় নকআউট স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর ) বিকাল ৪ টায় ডিএমসি ক্লাব মাঠে কালিগঞ্জ ফুটবল একাডেমি বনাম মৌতলা নামাজগড় ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ব্যাপক সংখ্যক দর্শকের উপস্থিতিতে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় অবশেষে টাইব্রাকারে নিস্পত্তি হয়। কালিগঞ্জ ফুটবল একাডেমি ৩/১ গোলে নামাজগড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর সদর ইউপির চেয়ারম্যান ও পিপি এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক টি এইচ এ ডাঃ শেখ আসছেদুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, মথুরেশপুর ইউনিয়ন আ”লীগের সভাপতি মোখলেসুর রহমান রহমান মুকুল, মৌতলা আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতি সম্পাদক এসএম আহম্মদ উল্লাহ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ঘোষ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় জিন্নাত আলী প্রমূখ। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন, ও এম আর মোস্তাক। খেলাটির সার্বিক আয়োজনে সমন্বয়ক ছিলেন ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদসহ কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ জন
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় অরুণ কুমার পাল (৫৫) নামে এক বস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মজিদপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার মজিদপুর এলাকায় ভান্ডারখোলা দিক থেকে আসা এনামুল হোসেনের দ্রুতগতির মোটরসাইকেল অরুণ কুমার পালের চলন্ত মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে দুটি মোটরসাইকেলের চারজনই রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের রিয়াজ উদ্দীন (৪৫), পাশের সাতক্ষীরার তালা উপজেলার সাহাপুর গ্রামের এনামুল হোসেন (২৬) ও মনিরুজ্জামান (২৮)। নিহত অরুণ কুমার পাল পৌর শহরের সাবদিয়া এলাকার গণেশ পালের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অচিন্ত কুমার পাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর ভেতর ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে কেশবপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, আহত অবস্থায় বস্ত্র ব্যবসায়ী অরুণ কুমার পালকে দুপুরে খুলনায় নেওয়ার পথে মারা যান। তার মৃত্যুতে শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ পর্যন্ত সকল কাপড়ের দোকান বন্ধরেখে শোক পালন করা হবে।

ডুমুরিয়ায় ইটভাটা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ইটভাটা শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের মজুরি ভাতা বৃদ্ধির দাবিতে এক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নাগমা সিনেমা হলের সামনে সংগঠনের অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মোঃ মোস্তফা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দূল্লাহ সরদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আব্দুল খবির শেখ,এসএম মিজানুর রহমান, মফিজুর রহমান সরদার, আসাদুজ্জামান মোড়ল, সোবহান শেখ, কারিমুল মোল্লা, আঃ আজিজ শেখ, মুকুল শেখ, হাবিবুর রহমান খান, ইকবাল হোসেন মোল্লা, রাশিদুল মোল্যা, আলতাফ হোসেন গাজী, আঃ লতিফ সরদার,আছাবুর শেখ, হাবিবুর খান প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা তাদের ন্যায্য মজুরির দাবি তুলে ধরেন।

 

চুয়াডাঙ্গায় মোটরযান চালকদের মানববন্ধন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় পেশাদার মোটরযান চালকরা তাদের ড্রাইভিং লাইসেন্সে ভুল হওয়া জন্মতারিখ সংশোধন ও স্মার্টকার্ড পাওয়ার ক্ষেত্রে শিথিলতার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে আয়োজিত এ কর্মসূচীতে চুয়াডাঙ্গা ছাড়াও কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও মাগুরা জেলার শতাধিক ভুক্তভোগী চালক এ কর্মসূচীতে অংশগ্রহণ করে।মানববন্ধনে শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম জেনারুল ইসলাম, রিপন মন্ডল, মামুন অর রশিদ মামুন, সিরাজুল ইসলাম, মিল্টু জোয়ার্দ্দার প্রমুখ।বক্তারা বলেন, কয়েক বছর ধরে স্থানীয় বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন ফাইল পড়ে আছে। এসব আবেদনপত্রের কোনো সুরাহা হচ্ছে না। ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ সংশোধনের দাবি তুলে গত তিন মাসে আরও দু’বার মানববন্ধন করা হয়। একজন পেশাদার চালক ৪/৫ বার নবায়ন করে স্মার্ট কার্ড পাওয়ার পরও বর্তমানে জন্ম তারিখ ভুলের কারণে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না। ৪৭৭ নং স্মারকে ২০০১ সালে জন্মতারিখ সংশোধনের জন্য একটি প্রজ্ঞাপন হয়েছিল। ওই প্রজ্ঞাপনের পর জানা মতে ২০১৬ সালে জন্ম তারিখ সংশোধনের জন্য আরও একটি প্রজ্ঞাপন জারি হয়। বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী ভলিউমে সঠিক তথ্য থাকা চালকদের জন্ম তারিখ সংশোধন পূর্বক নবায়নের সুযোগ এবং নন-স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স শিথিল করে দ্রুত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে।তারা আরও বলেন, অনেক চালকের শ্রেনী সংযোজন, শ্রেনী পরিবর্তন, নথিভুক্ত কার্যক্রমে কয়েক বছরের মধ্যে এখনও পর্যন্ত জটিলতা নিরসন হয়নি। অনেক চালকের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরও জন্ম তারিখের জটিলতার কারণে তারা লাইসেন্স পাচ্ছেন না। ফলে চালকরা তাদের পূর্বের লাইসেন্স ও নবায়নের স্লিপ নিয়ে ২/৩ বছর ধরে রাস্তায় মোটরযান চালাতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা স্লিপ এবং পূর্বের লাইসেন্স মানতে রাজি হচ্ছেন না। চালকরা বারবার লাঞ্ছিত হচ্ছেন। তাদের গুনতে হচ্ছে মোটা অংকের জরিমানা। চালকদের জরিমানা প্রদান এবং মামলা নিষ্পত্তির জন্য দূরের জেলায় যেতে হচ্ছে।

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি।।
বিপুল উৎসাহ-উদ্দীপনায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৫ নভেম্বর (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। এ বছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষাকার্যক্রমের তেত্রিশ বছর পূর্ণ করে চৌত্রিশ বছরে পদার্পণ করলো। দিবসটি উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে সকাল ১০.১৫ মিনিটে এ উপলক্ষ্যে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব ও পরে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর হাদী চত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
শোভাযাত্রা শুরুর প্রাক্কালে এক শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের দিন। শিক্ষা-গবেষণায় যে দুর্বার গতিতে খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ শেষে গ্র্যাজুয়েটরা দেশের সেবায় নিয়োজিত রয়েছেন। তাদের সুনাম ও দক্ষতা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত।
উপাচার্য বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাস্ড ইউনিভার্সিটি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এজন্য নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে গবেষণায় অনুদান বেড়েছে, নিজস্ব গবেষণা তহবিল গঠন করা হয়েছে এবং শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণায় উদ্বুদ্ধ করা হচ্ছে।
বক্তব্যের শুরুতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে এ বিশ্ববিদ্যালয় বিকাশে নানাভাবে যারা অবদান রেখেছেন তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে আজকের এই আনন্দময় দিনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় দেশ-বিদেশে খুলনা বিশ্ববিদ্যালয় সাফল্যগাঁথা তৈরিতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরে শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদশিক্ষণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, দিবস উদযাপন কমিটির সভাপতি চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার পূর্বে মুক্তমঞ্চের সম্মুখস্থ মাঠে বিভাগ/ডিসিপ্লিনসমূহের গত বছরের অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপনার ডিসপ্লে বোর্ড স্থাপনের কাজ উদ্বোধন করেন উপাচার্য। পরে তিনি ফিতা কেটে কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের অটোমেশন এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। এসময় তিনি স্মার্ট কার্ড পাঞ্চ করে গ্রন্থাগারের বই ইস্যু করেন এবং গ্রন্থাগারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। অনুষ্ঠানে গ্রন্থাগার অটোমেশনের বিভিন্ন দিক তুলে ধরেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান।
এরপর ফিতাকেটে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন উপাচার্য। এসময় তিনি চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন। পরে সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে কেক কাটেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা। এসকল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এরপরই ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে রোটারী ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজিত উদ্বুদ্ধকরণ প্ল্যাকার্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য।
পরে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে কেক কাটেন উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি উৎসবমুখর পরিবেশে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করায় পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পরিষদের সভাপতি প্রকৌশলী এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় উপ-উপাচার্য, ট্রেজারার এবং পরিষদের নির্বাহী সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সন্ধ্যা ৬টায় গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের মেইন গেট, রাস্তা, শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ভবন, একাডেমিক ভবন ও হলসমূহ আলোকসজ্জা করা হয়।

খুলনার দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতির সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তারের চিকিৎসাধীন থেকে ২৩ নভেম্বর বৃহস্পতিবার বাড়িতে এসেছেন। তিনি বলেন আমার শরীরের অবস্থা ভালো না ভারতে চিকিৎসা হতে যেতে হবে পাসপোর্ট বেসার জন্য কয়েক দিন দেরি হচ্ছে বেসা বের হলেই উন্নত চিকিৎসার জন্য ভারতে রওনা হবো। সকলে আমার জন্য দোয়া ও আশির্বাদ করবেন। এদিকে তাহার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি জি এম জাকির হোসেন, সহ-সভাপতি কুমারেশ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার সরদার, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক পারুল বেগম, নির্বাহী সদস্য দীপক রায়, জয়ন্ত রায়, সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়,জুবায়ের রহমান লিংকন, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাবেক সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শামীম হোসেন, গাজী আবুল বাসার, সাবেক কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক দপ্তর সম্পাদক জি এম আজম, , সদস্য তুষার দাস, এস.এম মামুনুর রশীদ, সোহাগ আহমেদ, মজনু ফকির, গাজী সরোয়ার হোসেন, রুহুল আমীন, প্রবীর রায় বাপ্পী প্রমুখ।

 

 

 

 

ই-সিগারেট বন্ধে ৯ সুপারিশ
ঢাকা অফিস
জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত পণ্যের ব্যবহারের লাগাম টানতে বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি এখনই ই-সিগারেট নিষিদ্ধ করা জরুরি বলে মনে করেছেন তারা। কেননা তামাক বা সিগারেট বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো সুকৌশলে তরুণদের উৎসাহিত করছে। আর এসব চতুর ব্যবসায়ীদের আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করার যৌথ দাবি জানিয়েছে তামাক নিয়ন্ত্রণে কর্মরত ২২টি সংগঠনের নেতারা।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা সরকারের প্রতি এ আহ্বান জানান।

এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে ই-সিগারেট বন্ধে ৯টি সুপারিশ করে। সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এপিডেমোলজি বিভাগের প্রধান ডা. সোহেল রেজা চৌধুরী, ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক (হেলথ অ্যান্ড ওয়াস) ইকবাল মাসুদ ও প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ আলোচক হিসেবে বক্তব্য করেন।

ই-সিগারেট নিষিদ্ধে ৯ সুপারিশ :

১. বাংলাদেশে ই-সিগারেটের আমদানি, রপ্তানি, উৎপাদন, বিক্রয়, বিপণন, পরিবেশন, বিজ্ঞাপন বা প্রচার-প্রচারণা বন্ধে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. নাটক, সিনেমা, ওয়েব সিরিজে ই-সিগারেটের ব্যবহার নিষিদ্ধ করা।

৩. অনলাইন বিজনেস সাইটসহ ই-সিগারেটের প্রত্যক্ষ ও পরোক্ষ বিজ্ঞাপন নিষিদ্ধ করা।

৪. বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি নীতিতে ই-সিগারেট জাতীয় পণ্য আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করা।

৫. অর্থ বিভাগ ও রাজস্ব বোর্ড কর্তৃক ই-সিগারেট, এর ডিভাইস, ই-লিকুইড, রিফিলসহ এ জাতীয় সকল পণ্যের এইচআর কোড পণ্যের তালিকা প্রত্যাহার করা।

৬. সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে ই-সিগারেট, ভ্যাপ বা অন্য কোনো নতুন নেশা জাতীয় বা তামাক জাতীয় অথবা নিকোটিন আছে এমন কোনো পণ্যের অনুমোদন না দেওয়া।

৭. ই-সিগারেট প্রসারে কার্যরত সিগারেট কোম্পানি, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের গোপন তৎপরতা অনুসন্ধান করে কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

৮. ই-সিগারেট বা ভেপিং জাতীয় পণ্যের ট্রেডমার্ক বা যে কোনো ধরনের নিবন্ধন বাতিল করা।

৯. অতিদ্রুত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত খসড়া পাস করে বাংলাদেশকে ই-সিগারেট মুক্ত করা।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের’ সংশোধনী প্রস্তাবে ই-সিগারেটের প্রচার, প্রসার, আমদানি, রপ্তানি, পরিবেশন, বিপণন নিষিদ্ধের প্রস্তাব দেওয়ার পর কয়েকটি বহুজাতিক সিগারেট কোম্পানি বিভিন্ন উপায়ে দেশে অত্যন্ত ক্ষতিকর এ পণ্যের প্রচারে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ই-সিগারেট উৎপাদন ও প্রসারে সিগারেট কোম্পানির উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য চরম সংকটের কারণ হতে পারে।

বক্তারা বলেন, বিদেশি সিগারেট কোম্পানি বিএটি সম্প্রতি বাংলাদেশে ভোক্তাদের আধুনিক জীবনধারার কথা উল্লেখ করে নতুন কিছু আন্তর্জাতিকমানের পণ্যের আমদানি করার অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছে। চিঠিতে তারা এ ধরনের পণ্যের চাহিদা নিরুপণে দেশের বাজারে এসব পণ্য বিক্রয় করবে এবং পরবর্তীতে স্থায়ীভাবে এ পণ্যের উৎপাদন, পরিবেশন, বিপণন ও রপ্তানি করার ইচ্ছে প্রকাশ করেছে। তাদের এ ধরনের প্রচেষ্টা দেশের জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। গণমানুষের কথা চিন্তা করে অতিদ্রুত ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে।

সুন্দরবনের নদীতে ভাসমান মৃত বাঘ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদী থেকে ভাসমান মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বনবিভাগের কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা মস্তকবিহীন অর্ধগলিত বাঘটি উদ্ধার করেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, গহীন সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৃত বাঘ ভেসে বেড়াচ্ছে— এমন সংবাদ পেয়ে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সেখানে যায়। এ সময় সেখান থেকে মৃত বাঘ উদ্ধার করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, মৃত বাঘ উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

যোগ্যতাবলেই বাংলাদেশের নারীরা স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রেখে চলেছে: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নারীর শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে। নারীদের ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায় এবং শত বাধা অতিক্রম করে সফল হবার স্পৃহার কারণেই বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। নারীরা নিরন্তর প্রচেষ্টা, অদম্য সাহস, অমিত প্রতিভা ও দক্ষতার বলেই সমাজে তাদের অবস্থান অধিকার করে নেয়। যোগ্যতাবলেই বাংলাদেশের নারীরা স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা যেভাবে অবদান রাখছে সেভাবে যুব মহিলা লীগকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করে দেশের উন্নয়নের সহযোগী হতে হবে। যুব মহিলা লীগের নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নারীদেরকে সরকারের উন্নয়নের কথা বলতে হবে। নারীদেরকে ভোট দানে উৎসাহিত করতে হবে। ভোট দেয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব তাদের বুঝাতে হবে।
গতকাল শনিবার বিকালে ২২ ও ২৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২২নং ওয়ার্ডের কর্মীসভায় সভাপতিত্ব করেন মহানগর যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক এ্যাড. রাবেয়া ওয়ালী করবী এবং ২৯নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন মহানগর যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাছরিন পারভেজ তন্দ্রা। এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. অলোকা নন্দা দাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, ওহিদুল ইসলাম পলাশ, মহিলা আওয়ামী লীগ নেতা নাজনিন নাহার কনা, আইরিন চৌধুরী নীপা, ফেরদৌস আলম রিতা, রোকেয়া রহমান, শিউলি বিশ্বাস, পারভিন মোর্তজা, নাজনিন নাহার বিউটিসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চুরি হওয়ার ৩ ঘন্টা পর মটর সাইকেল উদ্ধার করলো খানজাহান আলী থানা পুলিশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১ টি হোন্ডা সিভি হর্নেট মটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং- খুলনা মেট্রো -ল-১৩-০২৫০ মোটরসাইকেলটি চুরি হয়। চুরি হওয়ার মাত্র ৩ ঘন্টার ব্যবধানে উদ্ধার পুর্বক প্রকৃত মালিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেহেদী আল মাহমুদ এর কাছে বুঝিয়ে দিয়েছে খানজাহান আলী থানা পুলিশ । গতকাল বেলা দেড়টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মেহেদী তার মটর সাইকেলটি রেখে কিছুক্ষনপর এসে দেখে তার মটরসাইকেলটি নেই। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে কেএমপি কন্ট্রোলরুম বেতারযন্ত্রের মাধ্যমে সকল থানা ও ফাঁড়িকে তাৎক্ষণিক অবহিত করে। এর পরই খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুল হুদা নাঈম সঙ্গীয় ফোর্স হেলাল উদ্দিন ও মোটরসাইকেলের মালিকসহ খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি খানজাহান আলী থানাধীন রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় তা উদ্ধার করে মোটসাইকেলটির প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করে।

প্রতিষ্ঠানের সরকারি সম্পদ গাছ নষ্ট ও বিক্রয়ের অভিযোগের তদন্তের নির্দেশ
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বরকতুল ইসলামের বিরুদ্ধে ড্রাইভারকে লাঞ্চিত করাসহ নানা অভিযোগঃ ব্যবস্থা নিতে মহাপরিচালকের নিকট আবেদন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার তেলিগাতীতে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ড্রাইভার আমিনুল সরদারকে অকথ্যভাষায় গালিগালাজ ও শারিরিকভাবে লাঞ্চিত করার অবিযোগ পাওয়া গেছে। ড্রাইভার আমিনুল সরদার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাড়ীর কাজ না করিয়ে ভাউচার করে সমন্বয় করাসহ বিভিন্ন অভিযোগ এনে গতকাল ২৩ নভেম্বর বৃহস্পতিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের বরাবর লিখিত অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের ১৯৫টি বিভিন্ন প্রজাতির গাছ ভেকু দিয়ে ফেলে কিছু গাছ বিক্রয়ের অভিযোগে খুলনা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছে কাজী আরিফূল ইসলাম বকুলসহ স্থানীয় বাসিন্দারা। এছাড়াও অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে গাছ কাটাকে কেন্দ্র করে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও প্রতিষ্ঠানের সাবেক প্রশিক্ষক কাজী মঈনুল ইসলাম বাবলুকে অকথ্যভাষায় গালিগালাজ এবং হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদানের অভিযোগে এনে খুলনা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছে ।
অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ড্রাইভার(ব্যক্তিগত) আমিনুল সরদার গত ২৩/১১/২৩ তারিখ জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালকের বরাবর একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে আমিনুল সরদার বলেন, অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম গত ২০২১ সালের ১০ অক্টোবর যোগদানের পর থেকে কারনে অকারণে তুইতোকারি করে তার সাথে সর্বদা খারাপ আচারণ করতেন। গত ২০২১-২২ অর্থ বছর হতে অধ্যক্ষ গাড়ী মেরামতের বরাদ্দ ব্যায় দেখানো হলেও তিনি প্রকৃত পক্ষে গাড়ীর কোন কাজ না করিয়ে ভাউচার দিয়ে সমন্বয় করেন। সম্প্রতি প্রতিষ্ঠানের প্রাইভেটাকরটির ময়লাকাদা পরিষ্কার করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রণব স্যারকে জানালে তিনি অধ্যক্ষের সাথে কথা বলতে বলেন। গত ২১/১১/২৩ তারিখ আমিনুল সরদার অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে উপস্থিত অনেক শিক্ষকের সামনে অধ্যক্ষ চেয়ার থেকে উঠে এসে আমিনুলকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়ে জামার কলার ধরে মারতে মারতে দেওয়ালের সাথে ঠেসে ধরে। এ সময় তিনি প্রাণ বাচাতে রুম থেকে দৌড়ে বাহিরে চলে যায়। অধ্যক্ষ কর্তৃক গালিগালাজ ও লাঞ্চিত করায় তিনি মানষিকভাবে ভেঙ্গে পড়েছে এবং ঘটনাটির তদন্তপুর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এ বিষয়ে আমিনুল সরদার বলেন, গাড়ীর কাজ করাতে চাওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে শোকেজ করার জন্য স্যারের কক্ষে আমাকে ডেকে নেয়। দরজা দিয়ে প্রবেশ করতেই চেয়ার থেকে উঠে এসে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে আমাকে ধরধর শুরু করে। আমাকে রুম থেকে বের করি দিয়ে তিনি নিজে নিজে নিজ কক্ষের টেবিল সহ বিভিন্ন আসবাপত্র ভাংচুর করে। পরে জানতে পারলাম আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাকে ফাসাতে মামলা দিতে নিজে এ নাটক সাজিয়ে সরকারি সম্পদ নষ্ট করেছে।
এছাড়াও অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে ভেকু দিয়ে প্রতিষ্ঠানের সরকারি ১৯৫টি গাছ উপড়ে ফেলে সরকারি সম্পদ নষ্ট এবং চুরি করে বিক্রয়ের অবিযোগ করে খুলনা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দকা কাজী আমিনুল ইসলাম বকুল। এ বিষষটি দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার(ভুমি)কে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়ে সহকারী কমিশনার মোঃ মাসুম বিল্লাহ। প্রতিষ্ঠানের সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মঈনুল ইসলামকে অকর্থ্যভাষায় গালিগালাজ করে মেরে লাশ গুম করে ফেলার হুমকি প্রদানে গত ৩/১০/২০২৩ তারিখে খুলনা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত ‘‘ক’’ অঞ্চলে মামলা করেছে মঈনুল ইসলাম।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনাটি সম্পুর্ণ ভিত্তিহীন মিথ্যা ও সাজানো নাটক বলে দাবী করে তিনি চা খাওয়ার জন্য ঘটনাস্থলে আসার আহবান জানান।

খানজাহান আলী থানায় অস্ত্র ও গুলি উদ্ধারে আইজপি কর্তৃক নগদ অর্থ পুরস্কার প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা পুলিশ গত ১০ আগষ্ট গভীর রাতে শিরোমনি পুর্ব পাড়ায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধারসহ ১ আসামী গ্রেফতার করে । এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ওয়ারেন্ট তামিল সহ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ গতকাল কেএমপির অপরাধ পর্যালোচনা সভা শেষে , বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) কর্তূক খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন, ওসি তদন্ত পলাশ কুমার দাস এর নিকট কেএমপি পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক , বিপিএম(বার), পিপিএম নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

ফকিরহাট বাহিরদিয়া ইউনিয়নে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ইউনিয়ন পরিষদ চত্তরে এবর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৬১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে শেখ জিয়াউর রহমান সভাপতি ও শেখ আবুল মুনসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উপজেলা কৃষকলীগের সদস্য শেখ জিয়াউর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)। শেখ আবুল মুনসুর আলীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী লিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, সাধারণ সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আহসান টিটু, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু ও সদস্য সচিব সৈয়দ মিজানুর রহমান। এসময় ৯টি ওর্য়াডের সভাপতি/সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ##

ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে উৎসব মূখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলা শনিবার (২৫ নভেম্বর) দিনব্যাপি আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ খেলাটি টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে এ খেলার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই খেলায় অসংখ্য দর্শনার্ধীদের আগমন ঘটে। প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় বেতাগা ইউনিয়ন দলকে হারিয়ে লখপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরোস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু’র সঞ্চালনায় এতে আরো বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. আজিম হোসেন, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহম্মেদ, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার গোলদার, মো. ফারুকুল ইসলাম ওমর ও সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত, তাকে সহযোগিতা করেন জাহিদুল ইসলাম টুকু ও মো. ইবারাত হোসেন। #

 

 

জলমা ইউনিয়ন শ্রমিক লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
সারাদেশ ব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে গতকাল ২৪ নভেম্বর বাদ মাগরিব জিরো পয়েন্ট প্যাট্রোল পাম্প থেকে এক বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যাট্রোল পাম্প সংলগ্ন শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন রায়ের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা শাখার প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, সহ-অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য ও বটিয়াঘাটার সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন হাওলাদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুুুুুুল হাই হাওলাদার, জলমা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মোঃ বাবুল আখতার, লিটন হাওলাদার, সুষমা বল্লভ, মাসুমা বেগম, রুনা আক্তার, মুক্তা আক্তার, নজরুল ইসলাম বাবু, গৌরাঙ্গ বৈরাগী, মোঃ লিটন, সুমন তালুকদার, মামুন বেপারী, মোঃ ফারুক মোল্লা, রেজাউল কবির, হেমায়েত ফরাজী, চিণ¥য় রায়, মোঃ কাজী রাকিব, মোঃ শাহাদাৎ হাওলাদার প্রমুখ।

শরণখোলার পল্লীতে প্রতিপক্ষের মারপিটে আহত-১

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলার পল্লীতে বাড়ির চলাচলে ররাস্তা জবর দখল করে নেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের বেদম মারপিটে গুরুতর আহত হয়েছে জমির মালিক তাপস কুমার হালদার বাবুল (৪৫)। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামের মৃত বিমল হালদারের বাড়ির চলাচলের রাস্তাএ কই গ্রামের জনৈক শাহ আলম মল্লিক জবর দখল করে নেয়। এ বিষয়ে জজ্ঞাসাবাদ করায় গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শাহ আলম মল্লিক, নুরু আকনসহ তাদের সঙ্গীয় আরো ৭/৮ জন লোক লাঠিসোঁটা নিয়ে বিমলের পুত্র তপসের উপরে ঝাপিয়ে পড়ে বেদম মারপিট করে তাকে গুরুতর আহত করে ফেলে রাখে। এমনকি তাকে হাসপাতালে যেতে না দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে এলাকাবাসী তাপসকে রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে।
শরণখোলা থানার অফিসার ইন-চার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, মারা মারির কোন ঘটনার খবর তার জানা নেই অভিযোগ পেলে আইন গতব্যবস্থা নেওয়া হবে। ##

কোস্টগার্ডের সহায়তায় দেশে ফিরলেন জেলে
খুলনাঞ্চল রিপোর্ট
গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। পরে উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার কোস্টগার্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মিধিলির কারণে ডুবে যাওয়া বাংলাদেশি ফিশিং ট্রলার ‘মোহনা’র এক জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।

এর আগে, গত শনিবার (১৮ নভেম্বর) ঘূর্ণিঝড় মিধিলির কবলে নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড।

সে সময় জানানো হয়, কক্সবাজার গভীর সমুদ্র থেকে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করছে কোস্টগার্ড জাহাজ মনসুর আলী।

যশোরে স্বেচ্ছাশ্রমে খালের আবর্জনা অপসারণ
যশোর অফিস
যশোরের অভয়নগর উপজেলার মানুষের দুর্ভোগের অন্যতম কারণ জলাবদ্ধতা। এ দুর্ভোগ থেকে মুক্তির জন্য উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী নামক খালে প্রায় এক যুগ ধরে জমে থাকা কচুরিপানা ও আবর্জনা স্বেচ্ছাশ্রমে অপসারণ করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আহবানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলাকার নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, গ্রাম পুলিশ, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ প্রায় তিনশ মানুষ এ কাজে অংশ নেন।
ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাজার সংলগ্ন একটি সেতুর দুই পাশে জমে থাকা প্রায় দুই কিলোমিটার কচুরিপানা ও আবর্জনার স্তুপ অপসারণ করা হয়।

এসময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের নেতৃত্বে অপসারণ কার্যক্রমে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, এপি আহসান হাবিব, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যক্ষ খায়রুল বাসার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল প্রমুখ।

অধ্যক্ষ রবিউল হাসান বলেন, ‘সরকারি খাল দখলমুক্ত করা ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের কচুরিপানা অপসারণের উদ্যোগ প্রশংসনীয়। ভবদহের জলাবদ্ধতা নিরসনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, ‘ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল দখলমুক্ত করাসহ পানিপ্রবাহ ঠিক রাখতে কচুরিপানা অপসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুন্দলী খাল দিয়ে এ কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল খাল দখলমুক্ত করাসহ কচুরিপানা অপসারণের কাজ করা হবে। দখলমুক্ত করা খাল পুনরায় দখল করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনার বাজারে সবজির মেলা, অভিযোগ আলুর দামে
স্টাফ রিপোর্টার
শীত এলেই দেখা মেলে হরেক রকম সবজির। এসময় বাজারগুলোতে সবজির ভরপুর আমদানি থাকায় দাম থাকে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে বাজারে নতুন আলু পাওয়া গেলেও এর দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগ। স্বস্তি ফেরেনি নতুন কিংবা পুরোনো আলুর দামে। একই সঙ্গে যোগ হয়েছে বাজারে আসা পেঁয়াজের কালি।

শনিবার (২৫ নভেম্বর) খুলনার টুটপাড়া জোড়াকল, নিউমার্কেট, ময়লাপোতা সন্ধ্যা এবং মিস্ত্রিপাড়া বাজারঘুরে দেখা গেছে নতুন আলু বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা আর পেঁয়াজের কালি বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা কেজি দরে।
নগরীর নিউমার্কেট কাঁচা বাজারের সবজি বিক্রেতা ইলিয়াস ইজারাদার বলেন, কয়েকদিন হলো বাজারে এসেছে নতুন আলু আর পেঁয়াজের কালি। তাই দাম একটু বেশি। আশা করছি আর কিছুদিন পরই এর দাম কমবে।
রূপসা বাজারের সবজি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, বাজারে শীতের সবজি এসেছে আরও প্রায় দুই মাস আগে। কিন্তু আলু আর পেঁয়াজের কালি এসেছে ২/৩ দিন হলো। তাই দাম একটু বেশি। তবে পুরনো আলুর দাম এখনো কমেনি। ৫০-৫৫ টাকায় আগের আলু বিক্রি হচ্ছে।
রূপসা বাজারের নিয়মিত ক্রেতা তোফাজ্জেল হোসেন বলেন, শীতের সবজির দাম এখন অনেক কম। তাই এ সময় সবজি একটু বেশি কেনা হয়।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের সবজি বিক্রেতা রুমি বলেন, বাজারে ফুলকপি ৪০-৫০ টাকা, বিটকপি ৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, ঝিঙে ৫০ টাকা, শিম ৪০-৬০ টাকা, বরবটি ৪০ টাকা, করলা ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা কিছুদিন আগে কিনতে গেলেও ৫০-৮০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে ক্রেতাদের।

টুটপাড়া জোড়কল বাজারের মাছ বিক্রেতা নান্টু, ওবায়দুল্লাহ আর আব্দুর রহিম বলেন, শীতের এই সময়টাতে বাজারে মাছের সরবরাহ একটু বেশি থাকে। খালবিল, ঘের শুকিয়ে আসায় এই সময়ে মাছ ধরে বিক্রি করে দেন চাষীরা। তাই ১২০-২৫০ টাকার মধ্যে নানা প্রকার মাছ পাওয়া যায়। রুই, কাতলা, মৃগেল, শোল, টাকি, টেংরা, পার্শেসহ নানা মাছে এখন বাজার ভরপুর। তবে ইলিশ মাছের দাম কমেনি। এখনো বাজারে দামের দিক থেকে শীর্ষে রয়েছে ইলিশ মাছ।

 

ডুঙ্গায় চড়ে জীবন চলে বিল পাড়ের মানুষের
নড়াইল প্রতিনিধি

বিলের কম পানিতে দাঁড়িয়ে কেউ মাছ ধরছেন, আবার কেউ গবাদি পশুর খাবার, হাঁসের জন্য শামুক অথবা নিজেদের খাবারের জন্য শাপলা সংগ্রহ করছেন। বিলে এরকম ছোটখাটো কাজের গুরুত্বপূর্ণ বাহন কোষা নৌকা। আঞ্চলিক ভাষায় এগুলো ‘ডুঙ্গা’ নামে পরিচিত। নড়াইলের বিলগুলোতে কম পানিতে তাল গাছের তৈরি এসব ডুঙ্গা পুরুষের পাশাপাশি নারীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করেন।

হাতিয়াড়া গ্রামের মালতি রানী সকালে বিলে যান মাছ ধরতে। নির্জন এলাকায় দাঁড়িয়ে বড়শি দিয়ে কয়েকটি দেশি পুঁটি আর টাকি মাছ ধরেছেন তিনি। ফেরার পথে তুলে এনেছেন কলমি শাক, শাপলা আর গরুর জন্য ঘাস। এসব নিয়ে ডুঙ্গা ভর্তি করে বিকেলে বাড়ি ফিরেছেন স্বাচ্ছন্দ্যে।
একইভাবে একে একে ফিরলেন সিগ্ধা রানী, আরতি বিশ্বাসসহ আরও বেশ কয়েকজন গৃহিণী। সকাল থেকে বিকেল পর্যন্ত নড়াইলের বিল এলাকার চিত্র এরকমই।

বিল আর খালে পরিপূর্ণ এ জেলার বিভিন্ন এলাকায় তাল গাছের তৈরি ডুঙ্গার ব্যবহার বেশ জনপ্রিয়। বিল পাড়ের হাজারো মানুষের বাহন এই ডুঙ্গা। খালে প্রবেশ করতে, খাল পাড়ি দিয়ে বাজার, বিল থেকে মাছ ধরা ও শাপলা তোলার কাজেও ব্যবহার হয় এই বাহন। এ বছর পানি কম হওয়ায় নৌকার থেকে খালে-বিলে ডুঙ্গার চলাচলই বেশি।

তবে হাটে এসব ডুঙ্গার দাম অর্ধেকে নেমে এসেছে। নড়াইল-যশোর সড়কে তুলারামপুরের হাটটি ডুঙ্গার একটি বড় হাট। এখানে সপ্তাহের শুক্রবার ও সোমবার হাট বসে। একটি ছোট ডুঙ্গা দুই হাজার আর মাঝারি থেকে বড় ডুঙ্গা ৫-৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে তুলারামপুর হাটে ডুঙ্গা কিনতে আসেন কৃষকসহ গৃহস্থ বাড়ির কর্তারা।

যশোরের অভয়নগর থেকে ডুঙ্গা কিনতে এসেছেন রকিব মোল্যা। তিনি বড় সাইজের একটি ডুঙ্গা কিনেছেন সাড়ে তিন হাজার টাকায়। জানালেন, ঘেরে মাছের খাবার দিতে এই ডুঙ্গা কাজে লাগে। গতবছরের তুলনায় কম দামে ডুঙ্গা কিনেছেন তিনি।

ডুঙ্গা বিক্রেতা চর শালিখা গ্রামের সেলিম মোল্যা বলেন, এ বছর বিলে পানি কম হওয়ায় ডুঙ্গার চাহিদা কম। গতবছর যে ডুঙ্গা বিক্রি করেছি চার হাজারে সেটি এবার দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। তালগাছ আর শ্রমিকের দামও উঠছে না।

একটি তালগাছ থেকে দুটি ডুঙ্গা তৈরি হয়। তালগাছের গোঁড়া মাটির ভেতর থেকে বের করে শিকড়সহ গাছটি কাটা হয়। এরপর গোঁড়ার অংশটি সুচালো করে ৯ হাত রেখে আলাদা করা হয়। গাছটির মাঝামাঝি অংশ দাগ দিয়ে হাত করাত দিয়ে ধীরে ধীরে এপাশ ওপাশ কেটে দুভাগ করে ফেলা হয়। ভেতরের নরম অংশ কোদাল আর শাবল দিয়ে কুপিয়ে পরিষ্কার করে তৈরি হয় ডুঙ্গা। এরপর হাত বাশলে দিয়ে ধীরে ধীরে কেটে-চেঁছে সুন্দর আকারের ডুঙ্গা তৈরি করে তা বিক্রেতার কাছে বিক্রি করা হয়।

 

লোক সংস্কৃতি গবেষক অধ্যক্ষ রওশন আলী বলেন, দেশীয় প্রযুক্তির এই বাহন লোক সংস্কৃতির অংশ। এলাকায় অধিক সংখ্যক মাছের ঘের হওয়ায় বিলে পানি কমে গিয়ে ধীরে ধীরে ডুঙ্গার ব্যবহার কমছে। খালে ও বিলে পানি প্রবাহ সঠিক রাখতে না পারলে জীব-বৈচিত্র্য ব্যাহত হবে।