অনলাইন ডেস্ক
করোনা পরবর্তী পর্যটন খাতে গতি আনতে এবার ফান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের ব্যবস্থা করছে চীন। খবর রয়টার্সের
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত উল্লেখিত দেশগুলোর নাগরিকরা ব্যবসা, ভ্রমণ বা আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করতে বিনা ভিসায় চীনে প্রবেশ করতে পারবেন।
তবে তারা ১৫ দিনের বেশি চীনে অবস্থান করতে পারবেন না।
চীনের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রস্তাবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানি।
চীনে জার্মানির রাষ্ট্রদূত প্যাট্রিকা ফ্লোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ বলেন, ‘এই সিদ্ধান্তটি অনেক জার্মান নাগরিকের জন্য চীন ভ্রমণকে অভূতপূর্ব রকম সহজতর করবে।আমরা আশা করছি, চীন সরকার ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশের জন্য এই ব্যবস্থা চালু করবে।’










































