Home জাতীয় কিবরিয়াপন্থী গণঅধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগ নুরের নেতাকর্মীর বিরুদ্ধে

কিবরিয়াপন্থী গণঅধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগ নুরের নেতাকর্মীর বিরুদ্ধে

27

ঢাকা অফিস।।

ড. রেজা কিবরিয়াপন্থী গণঅধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে নুরের নেতা-কর্মীর বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় পল্টন এলাকায় যুব অধিকার পরিষদের (কিবরিয়াপন্থী) নবগঠিত কমিটি আয়োজিত তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলে এই হামলা করা হয়। এ সময় গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ও যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক আতাউল্লাহকে কুপিয়ে আহত করে নুরপন্থী নেতা নাদিম হাসান- এমন অভিযোগ করেছে আহত গণঅধিকার পরিষদের (কিবরিয়াপন্থী) যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান ও ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মামুন।

গণঅধিকার পরিষদের (কিবরিয়াপন্থী) ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান অভিযোগ করে বলেন, ‘গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মুনতাসির মাহমুদসহ অন্তত ১০ জন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছে নুরুর গুন্ডা বাহিনী।’

তিনি বলেন, ‘এই নুরু আগে ছাত্রলীগের ক্যাডার ছিল, তার স্বভাব এখনো পরিবর্তন হয়নি, সে ঘোষিত মোসাদ এজেন্ট, আমরা এই হামলার আইনগত ও রাজনৈতিক মোকাবিলা করবো।’

আহত গণঅধিকার পরিষদের যুগ সদস্য সচিব তারেক রহমান বলেন, ‘নুরু ও রাশেদের নেতৃত্বে এই হামলায় অংশ নেন যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম, সহ-সভাপতি প্লাবন আহমেদ, অর্থ সম্পাদক মাহবুবুর রহমানসহ অন্তত ২৫ জন।’