ঢাকা অফিস।।
তামাশার নির্বাচন করতে সরকার ‘ভুঁইফোড়’ বিভিন্ন পার্টি গঠন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কাজী রকিব আর নুরুল হুদা (সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার) দেখানো ভাওতাবাজীর নির্বাচনের পথেই হাঁটছেন কাজী হাবিবুল আউয়াল গং। দেশের জনগণ মাফিয়া চক্রের এই ভুয়া তপশিল প্রত্যাখ্যান করায় ফ্যাসিস্ট সরকার এখন মইন উদ্দিন-ফখরুদ্দিন মতো তথাকথিত কিংস পার্টি, ভুঁইফোড় পার্টি, ড্রিংকস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদের দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন।
বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকার তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতাদের আনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ-প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে।
‘ছলে-বলে কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে। আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এসব কিংস পার্টি হালুয়া-রুটির ভাগ পাওয়ার ভরসায় বঙ্গভবন-গণভবনে ছুটাছুটি করছে।’
তিনি বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষ বর্তমানে মানবিক মর্যাদা হারিয়ে, রাজনৈতিক অধিকার হারিয়ে, ভোট প্রয়োগের অধিকার হারিয়ে নিজ দেশেই যখন আওয়ামী শৃঙ্খলে বন্দি, তখন আত্মাবিক্রি করা কিছু সামান্য খুদ-কুরুর লোভে বিবেক বিবেচনাহীনভাবে তামাশার নির্বাচনে অংশ নিচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এসব বেঈমান দলছুটরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। এই সমস্ত রঙ বদলানো পরজীবী রাজনীতিবিদরা জনগণের সংকেত বার্তা টের পাচ্ছে না। জনগণ খুব দ্রুত গতিতে ধেয়ে যাচ্ছে সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে, জনগণের সেই পদচিহ্ন লক্ষ্য করতে পারছে না এই নব্য রাজাকাররা।
তিনি আরও বলেন, গণতন্ত্রের শেষ চিহ্ন মুছে দিতে গোয়েন্দা পুলিশ ও র্যাব বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি-ঘরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার করে তুমুল ভাঙচুর করা হচ্ছে তাদের বাড়িঘর। বিএনপির নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ব্যক্তিদের কারাগারে খুঁজে বেড়াচ্ছে স্বজনরা। দেশের প্রতিটি জনপদ-গ্রাম-গঞ্জ-শহর-বন্দরে গ্রেপ্তার আতঙ্কে ভয়ার্ত পরিবেশ বিরাজ করছে।
রিজভী আরও বলেন, একতরফা নির্বাচনের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।











































