Home জাতীয় ডেঙ্গুতে তিন সপ্তাহে ২১৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে তিন সপ্তাহে ২১৪ জনের মৃত্যু

12

ঢাকা অফিস
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন এবং ঢাকার বাইরের তিনজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬২ জনে। আর চলতি মাসের প্রথম ২১ দিনে ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ওই ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৪ ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বাসিন্দা ২২১ এবং ঢাকার বাইরের ৮৬৩ জন। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩ হাজার ৫৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ৪২ জন, আর ঢাকার বাইরের ১ লাখ ৯৭ হাজার ৪৯৪ জন।

অন্যদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮১ জন এবং ঢাকার বাইরের ৯৮৬ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৪ হাজার ৪৬২ জন।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৬২ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে ২৮১ জন মারা যায়। ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১০৫ জনের মৃত্যু হয়।