স্টাফ রিপোর্টার।।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনের জন্য জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া ছয়টি আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আরো ১৬ জন। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন।
এদিকে একাদশ সংসদ নির্বাচনের তুলনায় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে এক লাখ ৯৮ হাজার ৮৭৯ জন। এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে মোট ভোটার রয়েছেন ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন। একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ১৮ লাখ এক হাজার দুইজন। জেলার ছয়টি আসনে ৭৯৩টি ভোট কেন্দ্র এবং চার হাজার ৭২০টি ভোট কক্ষ থাকবে।
নির্বাচন কমিশন থেকে জানা গেছে, খুলনা-১ আসনে এবার ভোটার দুই লাখ ৯০ হাজার ২৬৫ জন। বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার ১১০টি ভোট কেন্দ্র এবং ৬৭০টি বুথে তারা ভোট দেবেন।
খুলনা-২ আসনে এবার ভোটার তিন লাখ ২০ হাজার ২১৯ জন। খুলনা নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত এই আসনে ১৫৭টি ভোট কেন্দ্র এবং ৮৪৫টি বুথ রয়েছে।
এছাড়া খুলনা-৩ আসনে এবার ভোটার দুই লাখ ৪৫ হাজার ৭০৯ জন। খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা এলাকা নিয়ে গঠিত আসনটিতে ভোট কেন্দ্র রয়েছে ১১৬টি। এবার ভোট কক্ষ থাকবে ৬৩৩টি।
খুলনা-৪ আসনে ভোটার রয়েছে তিন লাখ ৫৫ হাজার ১৫৩ জন। রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৩৩টি এবং ভোট কক্ষ রয়েছে ৮০৫টি।
ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে খুলনা-৫ আসন গঠন করা হয়েছে। এই আসনে ভোটার তিন লাখ ৮৩ হাজার ২১৯ জন। ভোট কেন্দ্র ১৩৫টি এবং বুথ থাকবে ৮৪৫টি।
কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনার সবচেয়ে বড় সংসদীয় আসন খুলনা-৬। এ আসনে মোট ভোটার চার লাখ ৫ হাজার ৩১৬ জন। ভোট কেন্দ্র ১৪২টি। ভোট কক্ষ রয়েছে ৯২২টি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা:
বটিয়াঘাটা ও দাকোপের দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা খুলনা-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হয়েছেন, খুলনা-২ আসনের জন্য স্থানী সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি), সোনাডাঙ্গা থানা নির্বাচন কর্মকর্তা এবং সদর থানা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া খুলনা-৩ আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং দৌলতপুর ও দিঘলিয়া থানা নির্বাচন কর্মকর্তাসহ মোট তিনজনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা, খুলনা-৪ আসনের জন্য রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুলনা-৫ আসনে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জাহানাবাদ ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসারকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। কয়রা ও পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-৬ আসনে।











































