Home জাতীয় আজ ভয়াল সেই ১২ নভেম্বর

আজ ভয়াল সেই ১২ নভেম্বর

42

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এ দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে দেশের দক্ষিণাঞ্চলে চার লাখেরও বেশি ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩৬ লাখ মানুষ। শুধু ভোলাতেই মারা যায় অন্তত পাঁচ লাখ মানুষ। ঘটনার ৫২ বছর পরও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না দক্ষিণ জনপদের ক্ষতিগ্রস্ত মানুষরা।
সত্তর সালের ১২ নভেম্বর রাতে ভয়াল ঘূর্ণিঝড় গোর্কির ছোবলে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ভোলার বিস্তীর্ণ জনপদ। জেলার মনপুরা, চর নিজাম, ঢালচর, কুকরি-মুকরিসহ গোটা এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। স্থানীয়দের মতে, অন্তত পাঁচ লাখ মানুষ মারা গিয়েছিল ভোলায়।
সেই দিন ভোলার এমন কোনো গ্রাম ছিল না, যে গ্রামের কেউ না কেউ মারা যায়নি। আশ্রয়কেন্দ্র না থাকায় গাছে উঠে প্রাণ বাঁচায় অনেকে। গোর্কির আঘাত এবং জলোচ্ছ্বাসের ভয়াবহতা এতই নির্মম ছিল যে সেই দিনের কথা মনে পড়লে আজো আতঙ্ক আর ভয়ে শিহরে ওঠে ভোলাবাসির প্রাণ।

সেই বিভীষিকাময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে মো: আনোয়ার মিয়া বলেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ভোলাসহ উপকূলীয় এলাকা দিয়ে বয়ে যায়। ১০ তারিখ থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল, ১১ তারিখ সারা দিনই বৃষ্টি ছিলো সাথে হালকা বাতাস। ১২ তারিখে রাতে প্রচণ্ডভাবে আঘাত হানে। তখন কোনো ধরনের সিগন্যাল বা আবহাওয়ার কোনো খবর, কোনো কিছুই ছিল না। সকালে দেখলাম সদর রোডসহ বিভিন্ন এলাকায় কোমর সমান পানি, সবকিছু ডুবে গেছে। সব দিকে ঘুরে দেখলাম, বাড়িঘর, গাছ-পালা একদম ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। সর্ব জায়গায় লাশ আর লাশ।
মো: আলমগীর গোলদার বলেন, ঝড়ের পরের দিন দেখলাম নৌকাগুলো সব গাছের মাথায় আটকে আছে। গাছে গাছে মানুষের লাশ এবং সাপ একত্রে পেঁচিয়ে আছে। কত মানুষ যে মারা গেছে সেই হিসাব করার মতো কোনো অবস্থা ছিলো না। নদীতে কচুরিপানার মতো মানুষের লাশ ভাসতে ছিল।
মো: আবু তাহের বলেন, সে সময় বন্যানিয়ন্ত্রণ বাঁধ এবং কোনো সাইক্লোন শেল্টার না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। এখনো ভোলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র বা সাইক্লোন শেল্টার নেই।
১৯৭০ সালের বন্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষতিগ্রস্ত এসব মানুষের দুর্দশা দেখার জন্য ভোলা সদর, মণপুরা ও কুকরি-মুকরিসহ বিভিন্ন এলাকায় আসেন। বঙ্গবন্ধুর নির্দেশেই ভোলার মানুষের জানমাল এবং গবাদিপশু রক্ষায় বনায়ন ও কিল্লা নির্মাণের কাজ শুরু হয়।