Home খেলাধুলা কীভাবে ‘টাইমড আউট’ এড়াতে পারতেন ম্যাথিউস, জানালেন কার্তিক

কীভাবে ‘টাইমড আউট’ এড়াতে পারতেন ম্যাথিউস, জানালেন কার্তিক

43

স্পোর্টস ডেস্ক।।

চলমান ২০২৩ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় ‘টাইমড আউট’ বিতর্ক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নির্ধারিত ২ মিনিটের মধ্যে ব্যাটিংয়ের প্রস্তুতি নিতে না পারায় কোনো বল মোকাবেলা করার আগেই আউট হন শ্রীলংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। যদিও তিনি দাবি করেছেন, হেলমেট সমস্যার কারণেই প্রস্তুত হতে দেরি হয়েছে তার। এক্ষেত্রে ভারতের উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক বলেছেন, হেলমেটে সমস্যা সত্ত্বেও এক বল খেলে তারপর সেটি বদলের কাজটি করতে পারতেন ম্যাথিউস।

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ যখন দেখে, উইকেটে প্রস্তুত হতে দেরি করছেন ম্যাথিউস, তখনই আউটের আবেদন করে। মাঠের আম্পায়ারও তৎক্ষণাৎ আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন। প্যাভিলিয়নে ফিরে যাওয়া ছাড়া কিছুই করার ছিল না ম্যাথিউসের।

এই ঘটনার পর বিশ্বজুড়ে অনেকেরই সহানুভূতি পাচ্ছেন ম্যাথিউস। তবে কার্তিক এক্ষেত্রে দেখেছেন লংকান এই ক্রিকেটারের ‘উপস্থিত বুদ্ধির অভাব।’

জনপ্রিয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে কার্তিক বলেছেন, ‘যদি অ্যাঞ্জেলো ম্যাথিউস একটি বল মোকাবেলা করার পর হেলমেট পরিবর্তন করতে চাইত, তাহলে এমন কিছুই ঘটত না। আমার মনে হয় তখন এই বিষয়টি তার (ম্যাথিউস) মাথায় ছিল না। কিন্তু আমার মনে হয়, দুঃস্বপ্নেও ম্যাথিউস ভাবতে পারেনি এমন ‘টাইমড আউটের’ আবেদন হতে পারে। এটি বেশি গুরুত্বপূর্ণ বিষয়।’

গত সোমবার বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের সময় ‘টাইমড আউটের’ ঘটনাটি ঘটে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সাকিব বলেছিলেন, ক্রিকেটের নিয়মের মধ্যে থেকেই তিনি কাজটি করেছেন। অন্যদিকে, সাকিব ও বাংলাদেশের প্রতি ক্ষোভে ফুঁসেছেন ম্যাথিউস।