Home খেলাধুলা চ্যাম্পিয়ন্স লিগ: ব্রাগাকে হারিয়ে শেষ ষোলোয় রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ: ব্রাগাকে হারিয়ে শেষ ষোলোয় রিয়াল

46

স্পোর্টস ডেস্ক।।

চ্যাম্পিয়ন্স লিগে ব্রাগাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।

গতকাল বুধবার রাতে ঘরের মাঠে স্পোর্টিং ক্লাব ব্রাগার বিপক্ষে খেলতে নামে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরুতে বড় ধাক্কা খেতে বসেছিল রিয়াল। চতুর্থ মিনিটে নিজেদের ডি-বক্সে লুকাস ভাসকেস প্রতিপক্ষের ক্রিস্তিয়ান বোরহাকে পেছন থেকে টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারেনি ব্রাগা। স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো দিয়ালোর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক আন্দ্রি লুনিন।

ম্যাচের ২৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ফেরলঁদ মঁদির থ্রু পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন রদ্রিগো, আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াস।

ম্যাচের আক্রমণে ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ফেদে ভালভেরদের পাস ধরে ভাসকেস পাস বাড়ান বক্সের মাঝামাঝি আর প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিউস।

পরের গোলটিতেও জড়িয়ে আছে তার নাম। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ভিনিসিউসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো, এরপর স্বদেশি তারকার ফিরতি পাস ধরে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো।

চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ১-১ ড্র করা ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে ব্রাগার পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।