ঢাকা অফিস।।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নিজেকে নির্দোষ দাবি করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমি কোনো অপরাধ করিনি। আমার আদর্শ ও কর্মসূচিতে কোনো ত্রুটি ছিল না।’
বৃহস্পতিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মপক্ষ সমর্থন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আদালতে ড. ইউনূস বলেন, মিথ্যা অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। বিচারক শেখ মেরিনা সুলতানা আগামী ১৬ নভেম্বর মামলায় পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও এদিন আদালতে ছিলেন মামলার অন্য বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
মুহাম্মদ ইউনূস ও অন্য অভিযুক্তরা এদিন দুপুর ১২টার দিকে শ্রম আদালতে হাজির হন। তাদের পক্ষে ২৮ পৃষ্ঠার লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
৩৪২ ধারায় লিখিত বক্তব্যে বলা হয়, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কোনো কিছুই নিজের আর্থিক লাভের জন্য করেননি। অসংখ্য অবদান রাখা এই নিঃস্বার্থ মানুষটিকে মিথ্যা অপরাধে দাঁড়াতে হচ্ছে বিচারের কাঠগড়ায়। শ্রম আইন লঙ্ঘন করেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনোভাবেই ফৌজদারি অপরাধ নয়।’ আদালতে দেওয়া বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান ড. মুহাম্মদ ইউনূস।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘ড. ইউনূস দেশে গ্রামীণ ব্যাংকসহ ৫০টির বেশি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কোনো কোম্পানিতেই তাঁর নিজস্ব শেয়ার নেই। সুতরাং কোনো লভ্যাংশ ওনার পকেটে ঢোকে না। দেশে-বিদেশে কোথাও নিজের নামে তাঁর জায়গা-জমি, গাড়ি-বাড়ি নেই।’ এই মামলাটি কেন চলতে পারে না, তার ব্যাখ্যা তুলে ধরা হয় লিখিত বক্তব্যে। মামলা থেকে ড. ইউনূসসহ অন্য আসামিদের অব্যাহতি চাওয়া হয়
আদালত থেকে বেরিয়ে ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি। আমি তো নিজে এই প্রতিষ্ঠানের মালিক নই। আমার আদর্শ ও কর্মসূচিতে কোনো ত্রুটি ছিল না। এত বড় কাজ করতে গেলে কিছু ভুল হতে পারে। আমরা তো ফেরেশতা নই। তবে ভুল হলে তা ইচ্ছাকৃত নয়।’
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। গত ৬ জুন আদালত ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ২২ আগস্ট মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা ও গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়েছে ড. ইউনূসসহ অন্য আসামিদের বিরুদ্ধে।











































