Home আঞ্চলিক যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তরুণ নিহত

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তরুণ নিহত

56

শহিদুল ইসলাম দইচ যশোর।।
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজিব ওরফে রাজিম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে যশোর শহরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজিম যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে। প্রত্যক্ষদর্শী চুড়িপট্টি মাছ বাজারের পাশের চায়ের দোকানে সাহেব আলী জানান, ওই সময় তার দোকানে ভীড় ছিল। ওই ছেলেটি একটা সিগারেট ধরিয়ে পাশের গলিতে যায়। কিছুক্ষণ পর হৈচৈ চিৎকার এবং তিন চারটি ছেলে দৌঁড়ে পালায়। পরে জানতে পারি ছেলেটিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার হেমন্ত পোদ্দার জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয় প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পরে বিষয়টি আরও পরিষ্কার হবে।
নিহত তরুণের বাবা বাদল খান সাংবাদিকদের জানিয়েছেন, তার ছেলেটি ক্লাস নাইনে পড়তো। পড়ালেখা বাদ দিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াতো। সেকারণে গত বছর তাকে একটি কাপড়ের দোকানে কাজে দেন। কিন্তু সে প্রায়ই দোকানে যেতো না। কারও সাথে তার দ্বন্দ্ব-ফ্যাসাদ ছিল- এমন কোনও ঘটনা তার জানা নেই বলে জানান।


এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এবং কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে কয়েক দফা ফোন দেয়া হলেও তারা রিসিভ করেননি।

তবে, কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক স্থানীয় পত্রিকার একজন সাংবাদিককে বলেছেন, কাপড়ের দোকানে কাজ করে এমন এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।