Home জাতীয় রাজনীতিকদের মুক্তির দাবি জামায়াতের

রাজনীতিকদের মুক্তির দাবি জামায়াতের

12

ঢাকা অফিস।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও জামায়াত নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামী আহুত টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তার দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেছেন, ‘সরকারবিরোধী চলমান আন্দোলন বানচাল করার হীন উদ্দেশ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির অধ্যাপক রাজিউদ্দিন আহমাদ, কুষ্টিয়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইউনুস আলী এবং ঠাকুরগাঁও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বদিউল আলমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলনে মুক্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীকে সরকার বেআইনিভাবে গ্রেপ্তার করেছে। এভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জনগণের আন্দোলন অতীতে যেমন দমন করা যায়নি, বর্তমানেও যাবে না।’

তিনি বলেন, স্বৈরাচারী জালেম সরকার বিরোধী মতের সমালোচনা সহ্য করতে রাজি নয়। সরকার দুর্নীতি ও লুটপাটের অবাধ লাইসেন্স দিয়েছে। কিন্তু, জনগণকে তা বলতে দিচ্ছে না। ভয় দেখিয়ে কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। জনসমর্থনহীন জালেম সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। গোটা দেশটাকেই আজ এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে।