বিনোদন ডেস্ক।।
অভিনেত্রী হোমায়রা হিমুর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুমা চ্যানেল আই প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে একনজর দেখার জন্য ছুটে এসেছিলেন শোবিজ অঙ্গনের অনেকে। শেষবারের মতো শ্রদ্ধা ও ভালোবাসা জানান সবাই। তার বিদায়ে অশ্রুসিক্ত যেনো পুরো নাটক পাড়া।
জানাজা শেষে অভিনেত্রীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনরা।
চ্যানেল আই প্রাঙ্গনে হিমুকে বিদায় জানাতে এসেছিলেন অভিনেত্রী আফসানা মিমি, দিপা খন্দকার, কুসুম শিকদার, নাজনীন হাসান চুমকী, নির্মাতা এসএ হক অলিখ, চয়নিকা চৌধুরী, অভিনেতা শামস সুমন, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, শাহরিয়ার নাসিম জয়, প্রাণ রায়, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আশীষ কন্দকার, সহ আরও অনেকে। সহকর্মীকে হারিয়ে ভেঙে পড়েছেন তারা।
এদিকে হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফিকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ বিষয়ে শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে র্যাব।
এর আগে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল ৪টা ৪৬ মিনিট নাগাদ হিমুর মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তরার এক হাসপাতালে। তখন হিমুর সঙ্গে ছিলেন তার এক বন্ধু ও মিহির নামের একজন। হাসপাতালে পৌঁছানোর পর উপস্থিত চিকিৎসকরা হিমুকে মৃত ঘোষণা করেন। তার গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় চিকিৎসকরা পুলিশ ডাকেন। পুলিশ ডাকাতে হিমুকে নিয়ে আসা সেই বন্ধু হাসপাতাল ত্যাগ করেন। এরপর থেকে পুলিশ সেই বন্ধুকে খুঁজছে।
শূন্য দশকের শুরুর দিকে মিডিয়ায় পা রাখেন এই সম্ভাবনাময়ী। দশকজুড়ে কাজ করেছেন অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে। সুনাম কামিয়েছেন সিনেমা করেও। বিশেষ করে ২০১১ সালে মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন এ অভিনেত্রী।










































