খবর বিজ্ঞপ্তি।।
তৃতীয় দিনের অবরোধের সমর্থনে খুলনার বিভিন্ন জায়গায় সড়ক-নৌপথ অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও মহাসমাবেশে হামলার প্রতিবাদে তিন দিনের অবরোধ চলছে। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ নভেম্বর বৃহস্পতিবার সকালে নগরীর ৫নং ও ৭নং লঞ্চ ঘাট এলাকায় নৌপথ অবরোধ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর উদ্যোগে এ নেীপথ অবরোধ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলমের নেতৃত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মো. সাহাল, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহফুজুর রহমান, দৌলতপুর থানা জামায়াত নেতা আতাউল্লাহ মোহাম্মদ, খালিশপুর থানা জামায়াত নেতা আউয়াল শেখ, সোনাডাঙ্গা থানা জামায়াত নেতা দেলোয়ার হোসেন, আব্দুল অহিদ, ছাত্রশিবির নেতা ইসরাফিল গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট মুহাম্মদ শাহ আলম বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। তারা জনগণের জান-মালের নিরাপত্তা দিতে পারেনি বরং ভিন্নমত দমনের জন্য দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনকে দলীয় ক্যাডার বাহিনীর মত ব্যবহার করছে। সরকার জনগণের অবরোধ কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য দলীয় সন্ত্রাসী ও বশংবদ পুলিশ সদস্যদের যুগপৎভাবে মাঠে নামিয়ে সারাদেশে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। কিন্তু হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না; কেয়ারটেকার সরকারের গণদাবিও পাশ কাটানো যাবে না। তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে পদত্যাগ ও কেয়াটেকার সরকারের হাতে ক্ষমতা হন্তান্তরের আহবান জানান।











































