ঢাকা অফিস।।
২৮ অক্টোবর বাংলাদেশে কি ঘটছে? কি ঘটবে? এ নিয়ে সার্বক্ষণিক নজর রাখছে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলো। সবচেয়ে বেশি নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি ২৮ অক্টোবরের জনসভার বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। এই বৈঠকের বাইরেও মার্কিন দূতাবাস বিএনপি এবং বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়গুলোর দিকে নজর রাখছে। সমাবেশে কি ধরনের ভূমিকা নেওয়া হয়, বিএনপি কি ধরনের কর্মসূচি গ্রহণ করে এবং সরকারের পক্ষ থেকে কতটুকু বাধা দেওয়া হয় বা আদৌ বাধা দেওয়া হয় কিনা, এই বিষয়গুলো নজরে রাখা হচ্ছে।
দূতাবাসের বিভিন্ন সূত্রগুলো বলছে, তারা মনে করছে যে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সকল পক্ষের মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত জরুরি এবং মতপ্রকাশের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয় সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভিন্ন নীতি এবং কৌশলের একটি অংশ। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বিষয়ের উপর নজর রাখছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়ার দূতাবাস ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি নজরে রাখছে।
ইউরোপীয় ইউনিয়ন মনে করছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ সহিংস হয়ে উঠছে। ২৮ অক্টোবরের ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি খারাপ দিকে মোড় নিতে পারে এমন আশঙ্কাও করছেন তাদের কেউ কেউ। এরকম পরিস্থিতিতে সকল পক্ষ যেন শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখে সেদিকে রাজনৈতিক দলগুলোকে আগ্রহী করতে চান ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাজ্য বাংলাদেশের ঘটনা প্রবাহের উপর নজর রাখছে। যুক্তরাজ্যের দূতাবাস মনে করছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত সহিংসতার পথ পরিহার করে আলাপ আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পথে আসা এবং আলোচনার পথ এখনো খোলা আছে বলে তারা মনে করেন। ২৮ অক্টোবর বাংলাদেশের সম্ভাব্য ঘটনাগুলি নিয়ে মার্কিন দূতাবাসের মতো যুক্তরাজ্যের দূতাবাসও উদ্বিগ্ন এবং তারা মনে করছে যে এ ধরনের সহিংস পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তাতে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাজ্য সকল পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছে।
কানাডা এবং অস্ট্রেলিয়া দূতাবাসও বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলী এবং আগামী নির্বাচনের ওপর নজর রাখছে। ২৮ অক্টোবর বাংলাদেশে কি ঘটতে পারে সে ব্যাপারেও তাদের পর্যবেক্ষণ রয়েছে। কানাডা দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। ২৮ অক্টোবর বিএনপি কি করতে চাচ্ছে সেই সম্পর্কেও তারা জানতে চেয়েছেন।
তবে বিভিন্ন সূত্রগুলো বলছে, বিএনপি তাদেরকে আশ্বস্ত করছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায়। কিন্তু সরকার তাদেরকে বাধা দিয়ে পরিস্থিতি সহিংস করে তুলছে।
অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে, সরকার জনগণের জানমাল হেফাজতের জন্য বদ্ধপরিকর। এমন কোনো পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না যেখানে জনগণের জীবন হুমকির মধ্যে পরে। বিএনপি যদি কোনো নাশকতা বা সহিংসতার পরিকল্পনা গ্রহণ করে তবে সেটি কঠোর হস্তে দমন করা হবে বলেও সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
এই দেশগুলো বাংলাদেশের এই ঘটনা প্রবাহের উপর নজর রাখছে এবং ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশের নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে তাও তারা পর্যবেক্ষণ করছে। তবে সকলেই চায় যে ২৮ অক্টোবরের দিনটি শান্তিপূর্ণভাবেই কাটুক।











































