Home জাতীয় সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

60

মাদারীপুর প্রতিনিধি।।
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সংশ্লিষ্টরা জানান, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরের ডাসারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন (কালকিনি-ডাসার-সদরের একাংশ) থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরমধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এমপি থাকাকালে তিনি তার নির্বাচনী এলাকায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেছেন। সৈয়দ আবুল হোসেন স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন এবং সৈয়দা ইফফাত হোসেনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মাদারীপুরে শোকের ছায়া নেমে এসেছে।

 

উল্লেখ্য, ২০১১ সালের ২৮শে এপ্রিল পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের চুক্তি সই করে সরকার।

কিন্তু বছরের শেষদিকেই তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পরে ২০১২ সালের ৫ই জানুয়ারি যোগাযোগমন্ত্রীর পদ থেকে সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকেও দায়িত্ব থেকে সরে যেতে হয়। এরপর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। এরপর থেকে এলাকার রাজনীতি থেকে অনেকটা দূরেই ছিলেন। যদিও ওই বছরের ২রা ফেব্রুয়ারি সেতুর ঠিকাদার নিয়োগে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয় দুদক। কিন্তু ৩০শে জুন পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। তবে ৯ই জুলাই মন্ত্রিসভার বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে কানাডার আদালতে একটি মামলা হয়। ৫ বছরের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ১০ই ফেব্রুয়ারি কানাডার আদালত জানায়, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের যে অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণ বাতিল করেছিল, তার প্রমাণ পাওয়া যায়নি। এই বিষয়ে ডাসার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আবুল হোসেনের ভাগ্নে সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন, ‘লাশ সিএইচএম’র হিমাগারে রাখা আছে। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে কখন লাশ দাফন করা হবে।’