Home জাতীয় মহাসমাবেশ দেখে দুনিয়া তাক লেগে যাবে: মান্না

মহাসমাবেশ দেখে দুনিয়া তাক লেগে যাবে: মান্না

48

 

ঢাকা অফিস।।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার সমস্ত শক্তি নিয়ে চেষ্টা করলেও ২৮ অক্টোবরের সমাবেশ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের পরাজয় গত ২৮ জুলাই একবার হয়েছে। ওই সমাবেশেই ১০ থেকে ১৫ লাখ লোকের সমাগম হয়েছে। এবার এর চেয়ে বড় সমাবেশ করব, দুনিয়া তাক লেগে যাবে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত ‘পায়ের আওয়াজ পাওয়া যায়: বাংলাদেশ কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। তারা বলছে, তারা অবরোধ করতে দেবে না, ঘেরাও করতে দেবে না। কিন্তু ওই দিনতো অবরোধ নেই। কোথাও বসেও পড়ব না। কিন্তু সারাদেশ থেকে লোক আসবে। তাদের সামনে কর্মসূচি ঘোষণা করা হবে। এই আন্দোলন কেবল ঢাকায় নয়, সারাদেশে ছড়িয়ে পড়বে।’

জনগণের মধ্যে এখন আর ভয় নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকার ভয় দেখিয়ে ১৫ বছর শাসন করেছে। মানুষের মধ্যে ভয় ভেঙে গেছে। মানুষ একবার যখন ঘুরে দাঁড়াবে, তখন ওরাই (সরকার) পালাবার পথ পাবে না।’

মান্না আরও বলেন, ‘মানুষ এই সরকারকে চায় না। বিরোধী দল যদি আন্দোলন নাও করত, তবুও মানুষ বলতো এর থেকে বাঁচতে চাই। দেশে প্রতিটি জিনিসপত্রের দাম বেশি, আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আইনশৃঙ্খলা শুধু বিরোধী দলের জন্য, আর যতকিছু অন্যায়, অত্যাচার, লুটপাট, অর্থকরি কামানো- এগুলো করছে ক্ষমতাসীন দল। অতএব ওনারা ক্ষমতা থেকে যেতে চায় না, ভয় পায়। এখন যদি ক্ষমতা থেকে চলে যেতে হয়, তাদের বিচার করা হবে। মানুষের উপর তারা যে অন্যায় করেছে, মানুষ যদি এর প্রতিবাদ-প্রতিরোধ করে, তাহলে তারা দাঁড়াবে কোথায়?’

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সরকারকে খুশি করার জন্য সব আদালত যেন প্রতিযোগিতায় নেমেছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিচারকাজ চলে। অর্থাৎ আগামী এক মাসের মধ্যে নির্বাচনী মনোনয়নপত্র দাখিলের আগে বিরোধী দলীয় সব সম্ভাব্য প্রার্থীকে সাজা দিয়ে ফেলতে হবে।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন ফোরামের সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীম।