আমের শাল্লোদি, সাংবাদিক।।
গাজায় ফিলিস্তিনিদের হাজার হাজার মৃত্যুর প্রতিবাদে পশ্চিম তীরেও শুরু হয়েছে বিক্ষোভ। পথে পথে চলছে ইসরাইলবিরোধী আন্দোলন। ইসরাইলও ঝাঁপিয়ে পড়েছে অঞ্চলটিতে। বিক্ষোভে চলছে সেনাবাহিনীর গুলি, বাড়িতে বাড়িতে ধরপাকড় অভিযান।
গ্রেফতার হচ্ছেন শত শত ফিলিস্তিনি। ইসরাইলের ৭ অক্টোবরের হামলার পর থেকে পশ্চিম তীরের বাসিন্দাদের মৃত্যুর পাল্লাও ভারী হচ্ছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ইসরাইলের কারাগারে থেকে মৃত্যু হয়েছে দুইজনের।
বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকালেও চার ফিলিস্তিনি বন্দুকযুদ্ধ ও ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।’ চার নিহতের তিনজন পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা আর একজন কালকিলিয়ার বাসিন্দা।
হেবরনের ফিলিস্তিনি দলগুলো বুধবারও একটি বিক্ষুব্ধ মিছিলের ডাক দিয়েছে। মিছিলটি এই অঞ্চলের আল-হুসেন মসজিদ থেকে শুরু হয়ে ইবনে রুশদ গোলচত্বরের দিকে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
গন্তব্য ইসরাইলের সেনাবাহিনী উপস্থিত আছে এমন চেকপয়েন্টগুলোর দিকে। পালটা প্রতিক্রিয়া দেখায় ইসরাইলের নাগরিকরাও। বুধবার প্রায় সবসময়ই পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে টহল দেখা গেছে তাদের।
গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে মঙ্গলবার বিকালেও পশ্চিম তীরের হেবরনের হুসেইন মসজিদ থেকে বাব আল-জাবিয়ার চেকপয়েন্টের দিকে একটি বিক্ষুব্ধ মিছিল শুরু করে ফিলিস্তিনিরা। বিক্ষোভে ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে এক শিশুসহ মোট দুইজন আহত হন।
এদিন সন্ধ্যায়ই হেবরনের বিভিন্ন জায়গায় শুরু হয় ইসরাইলের সেনাবাহিনীর ব্যাপক অভিযান। গ্রেফতার হন শতাধিক ফিলিস্তিনি নাগরিক। হেবরনের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
যুদ্ধ শুরুর দিন ৭ অক্টোবরের ঘটনা। সকাল থেকেই ইসরাইলি বাহিনী পশ্চিম তীরের হেবরনের আল-সাহলা স্ট্রিট ও আল-শুহাদা স্ট্রিট অঞ্চলগুলো অবরোধ করে রেখেছিল। বন্ধ করে দিয়েছিল দোকানপাটগুলোও। স্থানীয়দের অঞ্চলটিতে বের হতে প্রবেশে বাধা দিতে থাকে ইসরাইলি সেনাবাহিনী।
এদিন ফিলিস্তিনি যুবক ও ইসরাইলের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষও শুরু হয়েছিল। সরাসরি গুলি চালানো হয়েছিল ফিলিস্তিনিদের ওপর। চলন্ত গাড়িগুলোতেও হামলা চালানো হয়েছিল। আহত হয়েছিলেন অনেক নাগরিক।
গাজার হিংসাত্মক বোমা হামলার নিন্দা জানাতে হেবরনের ইবনে রুশদ রাউন্ডঅ্যাবাউটে মিছিল শুরু হয় ১০ অক্টোবর। ফিলিস্তিনি যুবকরা শুহাদা চেকপয়েন্টে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। সেনাবাহিনী তাদের ওপর সরাসরি গুলি চালায়, টিয়ার গ্যাস, বোমা নিক্ষেপ করে।
গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে পাঁচজন আহত হন। ফিলিস্তিনি যুবক ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে বিত উমর শহরেরও সংঘর্ষ শুরু হয়। সেদিন নিহত হন একজন ফিলিস্তিনি। গুরুতর থেকে মাঝারি ধরনের আহতের সংখ্যা ছিল ৪ জন।
এদিন বিকালেই ইসরাইলের সেনাবাহিনী হেবরনের দক্ষিণ প্রবেশদ্বার হাগাই অঞ্চলে একটি গাড়িতে গুলি চালায়। ইসরাইলের সেনাবাহিনী সাংবাদিকদের ছবি তুলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করে। সাংবাদিকদের ওপর চালায় ব্যাপক হামলা। তাদের সব ক্যামেরা বাজেয়াপ্ত করে দেয়।
এর আগেরদিনই সন্ধ্যায় ইসরাইলের সেনাবহিনী এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। হেব্রনের এয়ার ব্রাশ অঞ্চলে ইসরাইলের গুলিতে এক যুবক গুরুতরভাবে আহত হন।
হেবরনে ১২ থেকে ১৪ অক্টোবরের ঘটনা। পুরাতন শহর ইব্রাহিমি মসজিদের চারপাশে কারফিউ জারি করে রেখেছিল ইসরাইলের সেনাবাহিনী। স্বাভাবিক জীবনযাপনেও তাদের বাধা দেওয়া হয়। এমনকি মানবিক সংস্থা ও চিকিৎসা দলগুলোও তাদের কাছে পৌঁছাতে পারছিল না।
খাদ্য, ওষুধ, শিশুদের বিভিন্ন জিনিস রান্নার গ্যাসসহ অন্যান্য মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করে রাখা হয় তাদের। বাসিন্দারা আন্তর্জাতিক রেড ক্রস, ডক্টরস উইদাউট বর্ডার ও ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনকে তাদের কাছে সহায়তা প্রদান ও তাদের অঞ্চলে অযৌক্তিক অবরোধের অবসানের জন্য জরুরিভাবে হস্তক্ষেপের আবেদন করেছিল।
এছাড়াও কারফিউয়ের প্রথম দিন থেকে তারা এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের দ্বারা বিভিন্ন আক্রমণেরও শিকার হয়েছে। কখনো তাদের গাড়ির টায়ার পাংচার করে দিয়েছে ইসরাইলিরা।
ফিলিস্তিনিদের বাড়ি বাড়ি করেছে পাথর নিক্ষেপ। সাধারণ মানুষকে মারধরও করেছে তারা। অনেক বাসিনন্দাদের মোবাইল ফোন কেড়ে নিয়েছে। এমনকি মুসলিদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধেরও চেষ্টাও করা হয়েছিল।
অধিকৃত পশ্চিম তীরের জেনিনের শরণার্থী শিবিরে বুধবার ভোরে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি সরকারি টিভি জানিয়েছে, এ ঘটনায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শরণার্থী শিবিরসহ বেশ কয়েকটি বাড়ি ও ভবনের ছাদে স্লাইপার মোতায়েন করে ইসরাইলি সেনাবাহিনী। কয়েক ঘণ্টা ধরে চলে ইসরাইলের এই সামরিক অভিযান।











































