মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। মঙ্গলবার ভোর রাত ৪টায় এ ইউনিটটি উৎপাদনে যায়। ৬৬০মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট ভোরে উৎপাদনে যাওয়ার সাথে সাথেই জাতীয় গ্রীডে সরবরাহ করা হয় ৪শ মেগাওয়াট বিদ্যুৎ। এরপর বিকেল থেকে এ ইউনটি হতে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে জাতীয় গ্রীডে। আর ৬৬০মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রীডে সরবরাহ হচ্ছে ৩৮০মেগাওয়াট বিদ্যুৎ।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ এর (বিআইএফপিসিএল)/রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, মঙ্গলবার (২৪অক্টোবর) ভোর রাত ৪টার দিকে এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। উৎপাদনের সাথে সাথেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। এর আগে প্রথম ইউনিট উৎপাদনে যায় গত বছরের (২০২২সালে) ১৭ডিসেম্বরে।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত যৌথ বিনিয়োগে ২০১০সালে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র/মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এরপর ২০১২সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে এর নির্মাণ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১৬হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হয় এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটের নির্মাণ কাজ। মুলত ২০১৩সালে শুরু হয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণ, জমি ভরাট ও সড়ক নির্মাণের কাজ। এরপর ৯বছর ধরে প্রয়োজনীয় সকল স্থাপনা নির্মাণ ও মেশিনপত্রাদি স্থাপন শেষে ২০২২সালের ডিসেম্বরের উৎপাদনে যায় ১৩২০মেগাওয়াটের মধ্যে ৬৬০মেগাওয়াটের প্রথম ইউনিট। আর প্রথম ইউনিট চালু হওয়ার প্রায় ১০মাসের মাথায় চালু হলো এ প্রকল্পের দ্বিতীয় ইউনিট।











































