বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নারকেলগাছ থেকে হাফেজ আকন (৬০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার রায়েন্দা ইউপির রাজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফেজ আকন পার্শ্ববর্তী দক্ষিণ কদমতলা গ্রামের মৃত রহেন আকনের ছেলে।
জানা যায়, নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যান হাফেজ আকন (৬০) নামের ওই শ্রমিক। তার লাশ ঝুলে ছিল নারকেলগাছের মাথায়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা এসে গাছের মাথা থেকে আকনের লাশ উদ্ধার করেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. খায়রুল শরীফ জানান, দিনমজুর হাফেজ আকন নৃপেণ কুলুর বাড়িতে নারকেল গাছ বাছাই (পরিষ্কার) করতে গাছে উঠেছিলেন। গাছের পাশ থেকে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের সঙ্গে পাতার স্পর্শ লেগে নারকেলগাছ বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় আকন বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, হাফেজ আকনের লাশ উদ্ধার করা হয়েছে।











































