স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর দিবা-নৈশ কলেজে ইংরেজিতে অনার্স ২য় বর্ষের লেখাপড়া করছে আফনান আসকার আতিফ। বাবা হাসান আসকার বাবু সড়ক দুর্ঘটনায় নিহতের পর বিধবা মা, নিজের লেখাপড়া এবং সংসার চালানোর সংগ্রামে নেমে পড়েন আতিফ।
দৌলতপুরের কল্পতরু মার্কেটের পাশে মাকে নিয়ে থাকেন আতিফ। বাড়ির অবশিষ্ট জায়গাটিতে ঘর ভাড়া দিয়েছেন। এ ছাড়া অনলাইনে নিজে কাজ করে মাসে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এমন অবস্থায় খুবই দুর্বিষহ জীবন চলছিল তাদের।
এরই মধ্যে বাবা নিহতের ঘটনায় সরকারের কাছে সাহায্যের আবেদন করলে তাতে সাড়া মেলে। আগামী ১৯ অক্টোবর সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহতদের ১১ জন পরিবারকে প্রথমবারের মতো ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তা তহবিল থেকে চেক দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
জানা যায়, আফনান আসকার আতিফ ২০১৮ সালে খালিশপুরের রোটারি স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ ৪.৪৪ এবং ২০২০ সালে হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.১৭ পেয়েছিল হাসান আসকার বাবু ও নাজনীন আক্তার দম্পত্তির একমাত্র সন্তান আতিফ।
সংসারের একমাত্র উপার্জন করতেন বাবা হাসান আসকার বাবু। তিনি খালিশপুরের মোংলা পোর্টের সামনে একটি গ্যাসকিট কোম্পানিতে চাকরি করতেন। চলতি বছরের ৩ জানুয়ারি সকালে অফিসে যাওয়ার সময় নতুন রাস্তা মোড়ের একটি ট্রাক পিছন থেকে বাবুকে ধাক্কা দেয় এবং ট্রাকের পেছনের চাকা বাবুর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলাও হয়।
আফনান আসকার আতিফ জানান, ৩০ জানুয়ারি আমি ক্ষতিপূরণের দাবিতে বিআরটিএর চেয়ারম্যান বরাবর একটি আবেদন করি। এই সময় মামলার এজাহার, মামলার নথি, মৃত্যু সার্টিফিকেট, মৃত্যুর প্রমাণপত্র, ওয়ারেশ সার্টিফিকেট, পত্রিকায় প্রকাশিত সংবাদ, এনআইডিসহ সব কাগজপত্র জমা দেয়।
এরপর পুলিশ, স্থানীয় বিআরটিএ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করে। সম্প্রতি আমাদের একটি বিআরটিএর প্রধান কার্যালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আর্থিক সহায়তা বিষয়ে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী নিজেই এই চেক বিতরণ করবেন।
আগামী ১৮ অক্টোবর আমি চেক আনতে ঢাকায় যাব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমি ও আমার বিধাব মা কৃতজ্ঞ। তার কারণে হয়তো আমার লেখাপড়াটা শেষ করতে পারব। বাড়ির ভেতরে একটি ভাড়া বাড়ির সংস্কার করে দেব চেকের টাকা দিয়ে। ভাড়ার টাকা দিয়ে সংসার চলবে এবং অনলাইনসহ অন্যান্য আয় থেকে আমি লেখাপড়া করব।
খুলনা বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ চৌধুরী রোববার বিকালে বলেন, দৌলতপুরের দুর্ঘটনায় নিহতের পরিবার সাহায্যের জন্য প্রধান কার্যালয়ে আবেদন করেছিলেন।
এর পর প্রধান কার্যালয়ের নির্দেশে বিষয়টি আমরা তদন্ত করি। দৌলতপুর থানা পুলিশ, জেলা প্রশাসক কার্যালয়ের এডিএমসহ সবার সহযোগিতায় আমরা একটি রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণ করি। যাচাই-বাছাই শেষে ট্রাস্টি বোর্ডের সহায়তার তালিকায় তাদের নাম এসেছে।
এই প্রথমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় নিহত ও আহতের সহায়তার জন্য ট্রাস্টি বোর্ড গঠন করে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন।











































