ঢাকা অফিস
রাজধানীতে ‘বড় শোডাউন’ করেছে জামায়াতে ইসলামী। দলীয় আমির ও নেতাকর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে রোববার মতিঝিলের শাপলা চত্বর থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে কয়েক হাজার মানুষের মিছিল করেন।
এ দিন লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে জামায়াতের অনেক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলের খবরে পুলিশ এলেও বাধা দেয়নি। পাঁচ মিনিটে মিছিলটি ইত্তেফাক মোড়ে পৌঁছে। সেখানে কয়েক মিনিটের সমাবেশ শেষে মিছিলকারীরা সরে পড়েন। তখন তৎপর হতে দেখা যায় পুলিশকে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল সমাবেশে বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা আজ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য ঢাকার রাজপথে নেমে এসেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নিশ্চিত করেই ঘরে ফিরব। যদি জামায়াত ও ছাত্রশিবিরের ওপর নিয়মতান্ত্রিক কর্মসূচি নিয়ন্ত্রণের নামে জুলুম নির্যাতন চালানো হয় তাহলে এখন থেকে প্রতিরোধ করা হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচনের তপশিল ঘোষণার পাঁয়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে তপশিল ঘোষণার যেকোনো ষড়যন্ত্র বানচাল করে দেওয়া হবে।’
প্রশাসনের উদ্দেশে নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘এমন পরিবেশ তৈরি করবেন না, যাতে পরিস্থিতি আরও খারাপ হয়। জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বন্ধু, আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা চাই বৈধ রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে। সেই সুযোগ দিতে হবে।’
দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড.মোহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।











































