Home জাতীয় শর্তসাপেক্ষে দেশের নেতৃত্ব নিতে চান ৪৬.৬ শতাংশ তরুণ

শর্তসাপেক্ষে দেশের নেতৃত্ব নিতে চান ৪৬.৬ শতাংশ তরুণ

10

ঢাকা অফিস।।

বর্তমান জাতীয় প্রেক্ষাপটে ‘তরুণদের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক জরিপের ফলাফলে জানা গেছে, ৩৫ দশমিক ৪ শতাংশ তরুণ দেশের নেতৃত্ব নিতে আগ্রহী। আর নীতি পরিবর্তন হলেই কেবল ৪৬ দশমিক ৬ শতাংশ তরুণ দেশের নেতৃত্বে অংশ নিতে চান।

শনিবার (১৪ অক্টোবর) সকালে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে যুব সম্মেলনে এ তথ্য জানানো হয়। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এ ফলাফল উপস্থাপন করেন।

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর জরিপের জন্য ৫ হাজার ৭৫ জনের মতামত নেওয়া হয়। তাদের মধ্যে ৮ দশমিক ৩ শতাংশ পুরুষ, ২১ দশমিক নারী ও শূন্য দশমিক ৭ শতাংশ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। নির্বাচিত ব্যক্তিদের ৫৯ দশমিক ২ শতাংশ শহরে আর ৪০ দশমিক ৮ শতাংশ গ্রামে বসবাস করে।

জরিপের ফলাফলে জানানো হয়, নির্বাচিত ৫ হাজার ৭৫ জনের মধ্যে ১৮ দশমিক ৭ শতাংশ তরুণ পুরোপুরিভাবে বিদেশে চলে যেতে চান। তবে ৫৩ দশমিক ২ শতাংশ তরুণ দেশেই থাকতে চান। ৩৫ শতাংশ তরুণ দেশের নেতৃত্বে অংশ নিতে চান। আর নীতি পরিবর্তন হলে ৪৬ দশমিক ৬ শতাংশ তরুণ দেশের নেতৃত্বে অংশ নিতে চান।

৫৬ দশমিক ২ শতাংশ তরুণ মনে করেন দুর্নীতি ও মত প্রকাশের স্বাধীনতার অভাব উন্নয়নে বড় চ্যালেঞ্জ। ৫৫ দশমিক ৪ শতাংশ তরুণ মনে করেন মানসম্মত শিক্ষা ও দক্ষতার অভাব রয়েছে।

৬৭ শতাংশ তরুণ কোনো রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে কথা বলেননি। ৭৯ দশমিক ১ শতাংশ তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ও রাজনীতি সম্পর্কিত তথ্য জানতে পারেন। ৪৮ দশমিক ১ শতাংশ খবরের কাগজের মাধ্যমে ও রাজনৈতিক আলাপ সম্পর্কে জানতে পারেন। একইভাবে ৪১ দশমিক ৭ শতাংশ টেলিভিশন ও রেডিওর মাধ্যমে এবং ৭ দশমিক ৭ দশমিক ৩ শতাংশ তরুণ খবর সম্পর্কে জানতে আগ্রহী নন।

৫৩ দশমিক ৮ শতাংশ তরুণ এখন পর্যন্ত ভোট দিতে পারেননি। যাদের মধ্যে ১৮-২৫ বয়সীর সংখ্যা ৭৬ দশমিক ৪ শতাংশ, ২৫-২৯ বয়সীর সংখ্যা ৩৪ দশমিক ৫ শতাংশ ও ৩০-৩৫ বয়সীর সংখ্যা ২৫ শতাংশ। ৪৬ শতাংশ তরুণ কোনো স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। ৩৫ দশমিক ২ শতাংশ তরুণ রাজনীতি ও ছাত্র রাজনীতিতে আগ্রহী নন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‌‘দ্রুততার সঙ্গে আমাদের সমাজে যুবদের সংখ্যা ও অনুপাত বেড়ে চলেছে। এই যুব সমাজের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা কার্যকর করার ক্ষেত্রে আমরা কতটা সফল। এই জিজ্ঞাসা বার বার আসছে। সামনে নির্বাচন। সেখানে আমরা যুব সমাজের অংশগ্রহণ দেখতে চাই।’