Home আন্তর্জাতিক ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত বেড়ে ২৭১৭

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত বেড়ে ২৭১৭

15

অনলাইন ডেস্ক।।

ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ যেন মৃত্যু আর আতঙ্কের উপত্যকা।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ সংঘাতে নিহত হয়েছেন ২৭১৭ মানুষ। এছাড়াও এই সংঘাতে আহত হয়েছেন প্রায় ছয় হাজার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪১৭ ছাড়িয়েছে। এর মধ্যে ৪৪৭ শিশু ও ২৪৮ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএএন জানায়, গাজায় আহত হয়েছেন কমপক্ষে ৬ হাজার ২৬৮ জন।

অন্যদিকে ইসরায়েল-হামাস যুদ্ধে প্রায় এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ইসরায়েল জানিয়েছে, প্রায় ১৫০ জনকে জিম্মি করেছে হামাস। জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় পানি, জ্বালানি প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেবে, ততক্ষণ পর্যন্ত গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হবে না।’

শনিবার সকালে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায়। ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা করে সংগঠনটি। এ রকেট হামলার ৫ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ঘোষণা দেন।