Home আঞ্চলিক ভারী বর্ষণে ডুমুরিয়ায় মাছ-ফসলের ব্যাপক ক্ষতি

ভারী বর্ষণে ডুমুরিয়ায় মাছ-ফসলের ব্যাপক ক্ষতি

50

নিজস্ব প্রতিবেদক
ভালো নেই খুলনার শষ্যভান্ডার খ্যাত ডুমুরিয়া উপজেলার কৃষকরা। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে উপজেলাজুড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে সবজিক্ষেত, মৎস্য ঘের ও রাস্তাঘাট। নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় পানি কমেনি কোথাও। ফলে আগাম শীতের সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

অন্যান্য এলাকার ন্যায় ডুমুরিয়ায় সোম, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টিপাত হয়। এতে তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলের ক্ষেত ও মাছের ঘের। গ্রামীণ রাস্তাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রংপুর ইউনিয়নে। এখানকার বেশিরভাগ মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে লাউ, কুমড়া, ঢ্যাঁড়শসহ সবজির ক্ষেত। ইউনিয়নের বটবেড়া ও মুজারঘুটার এলাকার মানুষ পানিবন্দি জীবনযাপন করছেন।
উপজেলার মাগুরাঘোনা, আটলিয়া, শোভনা ও খর্ণিয়া এলাকায় লালশাক, পালংশাক, বেগুন, ফুলকপি, পটোল ও ধুন্দল ক্ষেতের ক্ষতি হয়েছে।
ডুমুরিয়ার জেলেঘাটা এলাকার কৃষক অমৃত বিশ্বাস বলেন, ‘৬৬ শতক জমিতে সমন্বিত সবজি ও মাছ চাষ করেছি। কিন্তু ভারী বর্ষণে ঘেরের পানি বেড়ে যাওয়ায় ভেড়িতে (বাঁধ) লাগানো শিম, ধুন্দল, শসা, লাউসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।’

ভদ্রদিয়া গ্রামের পরিতোষ হালদার বলেন, ভারী বর্ষণ ও সময়মতো পানি সরে না যাওয়ার কারণে আমার হাজারেরও বেশি আগাম ফুলকপির গাছ মারা গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন বলেন, ফসল উৎপাদনের দিক দিয়ে ডুমুরিয়া উপজেলা এবার খুব ভালো অবস্থানে ছিল। কৃষকদের উৎপাদিত ফসল হিসেবে মাছের ঘেরের বাঁধে তরমুজ, লাউ, কুমড়া, শসা, করলায় ছেয়ে গিয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে সীমাহীন ক্ষতি হয়ে গেলো। ঘেরের বেশিরভাগ বাঁধ পানিতে তলিয়ে গেছে। গোড়ায় পানি জমে থাকায় তাতে পচন ধরে গাছগুলো মরে যাচ্ছে।

তিনি বলেন, জমিতে থাকা শাকসবজি, সিম, বেগুন ও ধুন্দল জাতীয় ফসলের অবস্থাও বেশি ভালো না। আসলে অতি বৃষ্টিপাতে কোনো ফসল ঠিকমতো হয় না।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, উপজেলার বেশিরভাগ মাছের ঘের পানিতে ভেসে গেছে। তার মধ্যে প্রবাহমান নদী সংলগ্ন কিছু সংখ্যক ঘের ঠিক আছে। এছাড়া অন্যান্য বিলের ভেতরে থাকা ঘেরগুলোর অবস্থা খুবই খারাপ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, প্রাকৃতিক এ দুর্যোগের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির প্রভাবে ফসলের ক্ষেত, মাছের ঘের, মাধবকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামীণ রাস্তাঘাট, মাটির বাড়িঘর সব নিয়ে একটা সংকট পরিস্থিতি বিরাজ করছে।
তিনি বলেন, উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশেষ করে মানুষের জীবন রক্ষায় তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।