Home আঞ্চলিক খুলনার গরীব নেওয়াজ ক্লিনিককে লাখ টাকা জরিমানা

খুলনার গরীব নেওয়াজ ক্লিনিককে লাখ টাকা জরিমানা

69

স্টাফ রিপোর্টার
অস্বাস্থ্যকর পরিবেশে প্যাথলজি পরিচালনা, চিকিৎসক না থাকা ও নোংরা পরিবেশের অভিযোগে খুলনার তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাল আদালত। এর মধ্যে নগরীর সাতরাস্তা মোড় এলাকার ‘গরীব নেওয়াজ ক্লিনিক’ কর্তৃপক্ষকে জরিমানা করা হয় এক লাখ টাকা। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডা. ঊষা বলেন, মঙ্গলবার সকাল থেকে নগরীর চারটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিকিৎসায় অব্যবস্থাপনা ও কাগজপত্র ঠিক না থাকার কারণে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে গরীব নেওয়াজ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা এবং হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ লাইন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।