ঢাকা অফিস
বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বাঁচাতে আবারও নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আওয়ামী লীগ যেন আবারও জনগণের সেবা করার সুযোগ পায়, সেজন্য নৌকায় ভোট দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করবে এবং আওয়ামী লীগই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে।
মঙ্গলবার ভাঙ্গার নবনির্মিত ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
মাওয়ায় পদ্মা রেল সেতু উদ্বোধনের পর বিশেষ ট্রেনে পদ্মা নদী পার হয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় যোগ দেন শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আমি আজ আপনাদের উপহার দিচ্ছি পদ্মা সেতুর পর পদ্মা রেল সেতু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৌকা আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা পদ্মা সেতু, রেল সেতু দিয়েছে; রাস্তাঘাটের উন্নতি করেছে; নৌকা আপনাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় দিচ্ছে- নৌকাই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকল- আওয়ামী লীগ সরকার যাতে আপনাদের সেবা করতে পারে, সেজন্য নৌকা মার্কায় ভোট দেবেন।
তিনি আরও বলেন, বিএনপি লুটেরার দল। তারা এতিমের অর্থ আত্মসাৎ করে। দুর্নীতি করে সাজাপ্রাপ্ত, মুচলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে দেশ থেকে পালিয়েছে, অর্থ আত্মসাৎকারী, অস্ত্র চোরাকারবারি- এই হলো বিএনপির নেতা। আর জামায়াতে ইসলামী হলো যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধের জন্য শাস্তি পেয়েছে। এরা দেশকে ধ্বংস করে দেবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একমাত্র নৌকা মার্কাই আপনাদের সব রকমের সহযোগিতা দেবে। তাই আপনাদের কাছে আমার এই আহ্বান।
এ সময় ফরিদপুরবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, এখানকার রাস্তাঘাটের উন্নয়ন করেছি। ফরিদপুরে মেডিকেল কলেজ আছে। ফরিদপুরের সার্বিক উন্নয়ন আওয়ামী লীগ সরকার করেছে। আগে নদীনালা, খালবিল পার হয়ে যেতে হতো। এখানের সব এলাকা আমি ঘুরেছি। দেখেছি কী অবস্থা। আবারও ক্ষমতায় এলে ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এ সময় জোরালো করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ফরিদপুরবাসী। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের ঘটনা বর্ণনা করে শেখ হাসিনা বলেন, একজন স্বনামধন্য ব্যক্তি সামান্য ব্যাংকের এমডি পদের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করে হেরে গেল। আর সেই ক্ষোভে হিলারি ক্লিনটনকে দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দুর্নাম দিতে চেয়েছিল, পদ্মা সেতুর টাকায় দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। বলেছিলাম, দুর্নীতি করতে আসিনি। মানুষের সেবা করতে এসেছি।
আ.লীগ সব সময় নির্বাচনি ওয়াদা পূরণ করে : শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশের ওয়াদা দিয়েছিলাম, সেটি করেছি। এখন সবার হাতে মোবাইল ফোন। সবাই অনলাইনে থাকে। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দিয়েছে। মোবাইলে আগে অনেক খরচ হতো। আওয়ামী লীগ আসার পর এটাকে সর্বজনীন করেছে। খরচ কমিয়েছে, তার ওপর ভর্তুকি দিচ্ছি। এ সময় সমাবেশে উপস্থিত লোকজনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান- ‘কি মোবাইল ফোন আছে না হাতে, আছে? কই দেখি।’ এ সময় উপস্থিত জনতা তাদের সঙ্গে থাকা ফোন হাতে তুলে ধরে দেখান প্রধানমন্ত্রীকে। পরে প্রধানমন্ত্রী বলেন, এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর…।
বিএনপির আমলে মোবাইলে কল ধরলেও ১০ টাকা দিতে হতো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে একটা মোবাইল ফোনের দাম ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। আর ফোন করলে প্রতি মিনিট ১০ টাকা, ধরলেও (রিসিভ করা) ১০ টাকা। তাও মাত্র একটা কোম্পানি ঢাকা আর চট্টগ্রামে। বিএনপির এক মন্ত্রীর ব্যবসা। আওয়ামী লীগ আসার পর এটা সর্বজনীন করে গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছি। সরকার কৃষি উৎপাদন বাড়াতে কৃষককে বিনা জামানতে লোন, সারে ব্যাপক ভর্তুকি, উন্নতমানের বীজ সরবরাহ, বিদ্যুতে কৃষকের জন্য ভর্তুকি দিচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণ, এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। আমরা কৃষি যান্ত্রিকীকরণের জন্য কৃষিতে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয়, তাতে ৫০ থেকে ৭০ ভাগ ভর্তুকি দিয়ে আমরা সেটা করে দিচ্ছি। এখন আমাদের যে খাদ্য মজুত আছে, ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন চাল মজুত আছে।
এ সময় কোভিড-পরবর্তী ও যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বিষয়টি তুলে ধরে নিজেদের জমি অনাবাদি না রেখে কিছু-না-কিছু উৎপাদন করার আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিদ্যুৎ-পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের পরিচালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল, মির্জা আজম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রমুখ।
এদিকে জনসভা উপলক্ষ্যে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জসহ আশপাশ জেলা থেকে লাখো জনতা যোগ দেন। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়ামের আশপাশ এলাকা। স্টেডিয়াম ছাড়িয়ে আশপাশের এলাকাও বিস্তৃত হয় জনসভার আকার। প্রধানমন্ত্রীর আগমনে ফরিদপুর জেলাসহ বিভিন্ন এলাকায়ও দেখা মিলেছে উৎসবের। এতে পুরো ভাঙ্গা অঞ্চলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ছিল উৎসবের আমেজ। সাজসজ্জার অংশ হিসাবে সড়কজুড়ে টাঙানো হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র, ব্যানার ও ফেস্টুন। পদ্মা সেতু উত্তর মুন্সীগঞ্জ থেকে জাজিরা পয়েন্ট, শিবচরের কুতুবপুর, পাচ্চরবাজার, সূর্যনগর, মালিগ্রাম, চান্ডা এলাকাসহ ভাঙ্গার প্রতিটি মোড়ে তোরণ, ফেস্টুন ও ব্যানারে বহু নেতার রঙিন পোস্টারে বর্ণিল হয়ে উঠেছে কমপক্ষে ৩০ কিলোমিটার এলাকা। রাস্তার দুধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষকে দেখা গেছে।











































