Home Uncategorized বহু চেষ্টা করেও আমেরিকা থেকে খালি হাতে ফিরেছেন: মির্জা ফখরুল

বহু চেষ্টা করেও আমেরিকা থেকে খালি হাতে ফিরেছেন: মির্জা ফখরুল

18

খুলনাঞ্চল রিপোর্ট।।

১৫৫ কিলোমিটার মহাসড়কজুড়েই ছিল হাজার হাজার উৎসুক মানুষ ও দলীয় নেতাকর্মী। কারও হাতে ছিল ব্যানার, কারও হাতে ফেস্টুন। কারও মুখে স্লোগান, কারও মুখে উচ্ছ্বাস পথে পথে জনতার ভিড় ঠেলেই এগিয়ে যায় বিএনপি’র একদফা দাবিতে চলমান বিভাগীয় সপ্তম রোডমার্চের বহর। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া থেকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে শুরু হয় এই রোডমার্চ। পথে পথে বিভিন্ন পয়েন্ট থেকে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী রোডমার্চের বহরে যোগ দেন। বান্দরবান থেকে রোডমার্চে যোগ দেয়া বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ নেতারা। ৪০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি’র ২০ নেতাকর্মী গুরুতর আহত হন।

এদিকে রোডমার্চের বহর চট্টগ্রাম পৌঁছতে সন্ধ্যা গড়িয়ে যায়। দীর্ঘপথে তিনটি পথসভাসহ ৫টি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

রোডমার্চে নেতৃত্ব দেয়ার পাশাপাশি বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে রোডমার্চের সমাপনী সমাবেশ থেকে সরকার পতনের একদফা আন্দোলনের ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ৭ই অক্টোবার থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুড়িচংয়ের কালাকচুয়ায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশে মির্জা ফখরুল বলেন, আমেরিকায় গিয়ে শেখ হাসিনা বহু চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছেন।
মির্জা ফখরুল বলেন, আমরা কেউ ভালো নাই। ৮০ টাকা চালের সের। ফ্যাসিবাদী সরকার আমাদের বুকের ওপর চেপে বসেছে। তিনি বলেন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। তিনি চিকিৎসা পাচ্ছেন না। তাকে বাইরে নিতে দিচ্ছে না। তারা জানে, তিনি যদি মানুষের সামনে দাঁড়ান একমুহূর্ত টিকতে পারবে না।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আবারো আগের মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তারা কি আগের মতো নির্বাচন করতে পারবে? আপনারা কি নির্বাচন করতে দেবেন? এ সময় উপস্থিত জনতা সমস্বরে না সূচক জবাব দেন। আমরা এই সরকারকে একতরফা নির্বাচন করতে দেবো না। বিএনপি মহাসচিব বলেন, আজকে তারা ভয় দেখায়। কোনো ভয় এবার কাজে আসবে না। বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা, সার্বভৌমত্ব থাকবে কিনা আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আনবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে আসছে। এই ইউরেনিয়াম যদি একবার বিস্ফোরিত হয় তাহলে মাইলের পর মাইল ছারখার হয়ে যাবে। আজকে শুধু চুরি করার জন্য এ ধরনের প্রকল্প করছে।

তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা লুট করে বেগমপাড়া তৈরি করছে। কথা বলতে দেয় না। বললেই মামলা। আজকে পুলিশ-র‌্যাব দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এরা আদালত, বিচার বিভাগ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে তত তাড়াতাড়ি এদেশ ধ্বংস হয়ে যাবে। তাই তাদের আর একমুহূর্তও ক্ষমতায় রাখা যাবে না। এই ভোট চোরদের আর ক্ষমতায় রাখা যাবে না।

তিনি বলেন, এই রোডমার্চের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এখনো সময় আছে ক্ষমতা ছেড়ে জনগণের অধিকার ফিরিয়ে দেন। নতুবা জনতা জানে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়। রাজপথ দখলে রাখতে হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ রাস্তায় নেমে গেছে। বাংলাদেশের মানুষ রাস্তা দখল করে ফেলেছে। কেউ ঘরে ফিরে যাবে না। রাজপথেই ফয়সালা হবে। তিনি বলেন, তারা বিরোধী নেতাকর্মীদের হত্যা করছে। বহু মানুষকে গৃহহারা করেছে। তারপরও আমরা অসহিংস আন্দোলন করে যাচ্ছি। ভবিষ্যতে যদি আমাদের কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করে তাহলে প্রতিরোধ করবো। কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না। আজকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করছি। এ সরকারকে বিদায় করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ভোট চুরির প্রকল্প বাস্তবায়ন করতে দেয়া হবে না। অতি শিগগিরই ডাক আসবে। প্রস্তুত থাকুন। তখন আমাদের ঠিকানা হবে শুধুই রাজপথ।

 

সুয়াগাজীতে মনিরুল হক চৌধুরীর শোডাউন: রোডমার্চের দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে। এতে ব্যাপক শোডাউন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। সকাল থেকে তুমুল বৃষ্টি উপেক্ষা করে তার অনুসারী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে পথসভায় জড়ো হন। বেলা সাড়ে ১২টায় রোডমার্চের প্রধান অতিথি বিএনপি মহাসচিব যখন পথসভার মঞ্চে বক্তব্য রাখেন তখন মহাসড়কের দুই পাশে জনতার ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়।
এদিকে মুরাদনগর থেকে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী অসংখ্য নেতাকর্মী মাইক্রোবাস, ট্রাক, মোটরসাইকেল নিয়ে রোডমার্চের বহরে যোগ দেন। ওদিকে দাউদকান্দির গৌরীপুরে খন্দকার মোশাররফ হোসেনের পুত্র খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী রোডমার্চের বহরে যোগ দেন।

উদ্বোধনী সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে ও কুমিল্লা মহানগর বিএনপি’র আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব হাজী জসীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য জাকারিয়া তাহের সুমন, মো. আবুল কালাম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, শেখ ফরিদ আহমেদ মানিক, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।

এরআগে সরকারের পদত্যাগ দাবিতে ১৯শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ছয়টি রোডমার্চ করেছে বিএনপি। কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের মধ্যদিয়ে প্রথম ধাপের কর্মসূচি শেষ হয়।