Home আঞ্চলিক নড়াইলে নদী ভাঙনে ২০ বসতবাড়ি বিলীন

নড়াইলে নদী ভাঙনে ২০ বসতবাড়ি বিলীন

46

নড়াইল সংবাদদাতা ||
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর পূর্ব পাড়ায় নবগঙ্গা নদী ভাঙনে ২০ বসতবাড়ি বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকে নদী ভাঙন শুরু হয়।

ভুক্তভোগী শফিকুল বলেন, অনেক কষ্টে টাকা জমিয়ে একটি পাকা ঘর করেছিলাম। কিন্তু নবগঙ্গা নদী সব শেষ করে দিল। এখন পরিবার নিয়ে কোথায় যাব।

আরিফ নামে আরেকজন বলেন, রাত ১০টার দিকে টিউবওয়েল দিয়ে ঘোলা পানি আর কাঁদা বের হচ্ছিল। ১১টার দিকে হঠাৎ করে বাড়িঘর দেবে যায়। সরানোর কোনও সুযোগ পাইনি।

স্থানীয় ইউপি সদস্য জনি আহমেদ বলেন, হঠাৎ ঝুপঝাপ শব্দ শুনতে পাই। নদীর পাড়ে এসে দেখি, ২০০ হাত পানি হয়ে গেছে। এরপর অনেক জায়গা নিয়ে দেবে যায়। ভুক্তভোগীরা কোনও জিনিসপত্র সরানোর সুযোগ পায়নি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা বলেন, ইউনিয়ন সচিবের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।