আন্তর্জাতিক ডেস্ক।।
মালদ্বীপের নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এর সাথে বিরোধী জোট প্রধান মোহাম্মদ মুইজু এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। স্থানীয় সময় বিকাল ৫টার পর ভোটগ্রহণ শেষ হবে। রাত আটটায় ফলাফল ঘোষণা হবে।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। গত ৯ সেপ্টেম্বর প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই জয়ী হওয়ার মতো পর্যাপ্ত ভোট না পাওয়ায় শীর্ষ দুটি দলের মধ্যে রান-অফ ভোট হওয়ার কথা জানিয়েছিলেন মালদ্বীপের নির্বাচন কমিশন।
মালদ্বীপের ১৮৭টি দ্বীপের ৫৮৬টি পোলিং স্টেশনে মোট ২ লাখ ৮২ হাজার ৮০৪ জন ভোটগ্রহণে অংশ নিচ্ছেন। এর বাইরে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ব্রিটেন ও আবুধাবিতেও রয়েছে ভোটকেন্দ্র। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশিত হবে মালদ্বীপ সময় রাত ৮টার পর। এ নির্বাচনে নজর রাখছে ভারত ও চীন উভয়ই।
ক্ষমতাসীন মোহামেদ সলিহ ভারতের সাথে সম্পর্ককে প্রাধান্য দিলেও, বিরোধী দল প্রধান মোহাম্মদ মুইজু চীনের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী। প্রথম দফার ভোটে ৪৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন মোহাম্মদ মুইজু।










































