স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপে তামিম ইকবালের থাকা-না থাকা নিয়ে দল ঘোষণার আগে বিস্তর আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দল থেকে তাকে বাদ দেওয়ার কারণ হিসেবে উঠে এসেছিল পিঠের অস্বস্তির কথা। তবে সেটি বড় কোনো বাধা হতো না বলে এক ভিডিওবার্তায় জানিয়েছেন তামিম ইকবাল। শুধু তাই নয়, ঘটনাপ্রবাহের বিস্তারিত তুলে ধরে তামিম জানিয়েছেন, কেমন ‘নোংরামি’ হয়েছিল তাকে নিয়ে।
তামিম বলেছেন, ‘আমার কাছে যেইটা মনে হয়, মিডিয়াতে যেই জিনিসটা এসেছে, ইনজুরি বা ৫ ম্যাচ; আমার বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটা বড় কোনো কারণ না। কারণ আমি ইনজুরিতে পড়িনি। হয়তো ব্যথা থাকতে পারে।’
বিসিবির গুরুত্বপূর্ণ একজনের সঙ্গেও দলে থাকা না থাকা নিয়ে কথা হয়েছিল তামিমের। তামিম বলেছেন, ‘বোর্ডের (বিসিবি) উচ্চপদস্থ একজন ফোন করেছিলেন। তিনি আমাদের ক্রিকেটের সঙ্গে অনেক জড়িত। তিনি বলেছেন, ‘‘তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে তো ম্যানেজ করে (পিঠে অস্বস্তির কারণে) খেলাতে হবে। তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলো না। আমি বললাম, ‘‘ভাই এটা তো আরও ১২-১৩ দিনের কথা। আমি তো এই দিনের মধ্যে ভালো কন্ডিশনে থাকবো। আমি কী কারণে খেলবো না! তখন বললেন, ‘‘আচ্ছা তুমি যদি খেলো, আমরা প্লান করতেছি তোমাকে আমরা নিচে খেলাবো।’’
বিষয়টি মানতে পারেননি তামিম। তার পরের ঘটনা বর্ণনা করে এই ওপেনার বলেন, ‘একটা জিনিস মাথায় রাখা উচিত, আমি কোন অবস্থা থেকে উঠে এসেছি। হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি (নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ)। এমন কথা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি ১৭ বছর ধরে ক্রিকেট খেলেছি। আমি সবসময় এক পজিশনে ব্যাটিং করেছি। অন্য কোনো জায়গায় ব্যাটিংও করিনি। আমি কথাটা একদমই ভালোভাবে নেইনি। আমি উত্তেজিতও হয়ে গেছিলাম। আমার কাছে মনে হয়েছে, আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ইচ্ছা করেই। ব্যাপারটা এমন, একটা শেষ হলো, আরেকটা দেই। তখন আমি বললাম, আপনাদের যদি এমন চিন্তাধারা থাকে, তাহলে আমাকে পাঠাইয়েন না। এই নোংরামির মধ্যে আমি থাকতে চাই না। প্রতিদিন একেকেটা নতুন জিনিস আমাকে দিয়ে মোকাবেলা করাবেন, এগুলোর মধ্যে আমি থাকতে চাই না। তার সঙ্গে আরও কথা হয়েছে, সব এখানে বলতে চাই না। এটাই বলেছি, এই নোংরামির মধ্যে আমি থাকতে চাই না। আপনারা দরকার হলে আমাকে নির্বাচন না করেন।’











































