ঢাকা অফিস
জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের পতন হবেই। এক দফার আন্দোলনে যারা আছেন, সরকারের পতন নিয়ে একদিন তারা গৌরব করবেন। সরকার পতনের এক দফা দাবিতে বুধবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর গাবতলী এলাকায় সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভয় পেয়ে বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলছে, আর বাহিরে গিয়ে মাইকের সামনে চাপাবাজি করে বলছে এসব স্যাংশন আমরা পরোয়া করি না। বিপদে আছে তারা, এটা বোঝা যায় যখন বিভিন্ন বক্তৃতায় চাপাবাজি করে। ছেলে-মেয়েরা আমেরিকায় যেতে পারছে না, ফিরে আসছে। বড় বড় সরকারি কর্মকর্তারা ভিসার দরখাস্ত দিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে।
নজরুল ইসলাম বলেন, আপনারা (সরকার) ভয় পেয়েছেন, কিন্তু জাতি হিসেবে আমরা লজ্জিত। যাদের কারণে এই লজ্জা, তাদের আর বহন করার কোনো প্রয়োজন নাই। আমাদের দাবি ন্যায্য। আমরা জনগণের পক্ষে আছি। জনগণ আমাদের পক্ষে আছে। বাংলাদেশের সবাই পরিবর্তন চায়। কেউ বলছে, কেউ বলছে না। যারা এখনও রাস্তায় নামছেন না, তাদের বলি- এই সরকারের পতন অবশ্যই হবে।
খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে তাদের মাঝে ফিরে পেতে চায়। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। খালেদা জিয়া পালিয়ে যাওয়ার মানুষ না। তিনি জীবনে কখনও পালিয়ে যাননি। চিকিৎসা শেষে তিনি ফিরে এসে আবারও আইনের কাছে আত্মসমর্পণ করবেন।
এদিন দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। বিকেল ৩টার দিকে উপস্থিতি শ্যামলী পর্যন্ত ছাড়িয়ে যায়। ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে গাবতলী থেকে সাভারের বলিয়ারপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। এর প্রভাবে রাজধানীর অন্যান্য সড়কেও যানজট হয়। বিকেলে বাড়ে তীব্রতা। মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আফরোজা খানম রীতা, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।











































