ঢাকা অফিস
বাংলাদেশে রোহিঙ্গাদের জীবিকা ও শিক্ষার সুযোগ আরও বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে রোহিঙ্গাবিষয়ক বৈশ্বিক সংহতি নিশ্চিত করা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় এ আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুই মাস আগে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প সফরের অভিজ্ঞতা তুলে ধরে উজরা জেয়া বলেন, এ বিষয়ে তিনটি উপসংহারে পৌঁছেছি। প্রথমটি হচ্ছে বাংলাদেশের জনগণ ও সরকারের অসাধারণ উদারতা। ছয় বছর পার হলেও বাংলাদেশ এখনও বিশাল এ শরণার্থীদের আশ্রয় দিয়ে যাচ্ছে, কারণ এটিই সঠিক কাজ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ও অভিবাসন সংস্থার কাজ সেখানে রোহিঙ্গাসহ স্থানীয়দের জীবনে পরিবর্তন এনেছে। যখন মৌলিক চাহিদার সহায়তাগুলো সেখানে না পৌঁছায়, তখন বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়। এ কারণে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য ১১ কোটি ৬০ লাখ ডলারের নতুন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশে থাকা রোহিঙ্গা ও স্থানীয়রা প্রায় সাড়ে ৭ কোটি ডলার পাবে। এর মাধ্যমে রোহিঙ্গা সংকটে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ২২০ কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, তৃতীয় বিষয়টি হচ্ছে রোহিঙ্গা নারী, পুরুষ এবং যুবকরা মিয়ানমারে নিজেদের জন্য ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্প নিয়ে বসে রয়েছে। মিয়ানমারের পরিস্থিতি সহায়ক হলে রোহিঙ্গারা দেশে ফিরে যেতে চায় যেখানে তারা নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। সেই সঙ্গে তারা চায় মানবাধিকার রক্ষা, নিরাপত্তার নিশ্চয়তা এবং গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি। মিয়ানমারে এখনও সামরিক শাসন চলায় এসব পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আর অব্যাহত নিপীড়নের ভয় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা হয়ে রয়েছে।
উজরা জেয়া বলেন, রোহিঙ্গাদের এ মুহূর্তে নিরাপদে ফেরত যাওয়ার কোনো পরিস্থিতি নেই। ফলে পুনর্বাসন হচ্ছে অন্য একটি উপায়, যার মাধ্যমে এ সংকটের সমাধানে আমরা ভূমিকা রাখতে পারি। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ এ অঞ্চল থেকে ১৩ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করেছে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরকারকে রোহিঙ্গা পুনর্বাসনে উৎসাহিত করে।











































