বিনোদন প্রতিবেদক
‘ছায়াবাজ’ চলচ্চিত্রে অভিনয় করতে বাংলাদেশের এসেছিলেন কলকাতা সিনেমার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এসেই জড়িয়ে পড়েন বিতর্কে। এই নায়িকার অভিযোগ, প্রযোজকের অপেশাদারি আচারণের কারণে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি তার। ফলে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন তিনি।
নায়িকার এমন অভিযোগের পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন প্রযোজক মনিরুল ইসলাম। তিনি দাবি করেন, পোশাক পরিবর্তনের জন্য জায়েদ এবং সায়ন্তিকা দুপুর ২টা নাগাদ হোটেলে গিয়ে সন্ধ্যা ৬ টা নাগাদ ফিরে আসেন। তিনি বলেন, ‘ড্রেস চেঞ্জ করতে চার ঘণ্টা সময় লাগে, এমনটি কখনও দেখিনি।’
এ অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন সায়ন্তিকা। বলেন, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবি না। কোনো সাফাই দেয়ারও প্রয়োজন মনে করি না, কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও বসে থাকে, সমস্যা কোথায়?’
সায়ন্তিকা বলেন, ‘একটি সিনেমায় কাজ করতে গেলে আগে পরিকল্পনা ঠিক করে করতে হয়। এক্ষেত্রে সেটির অভাব ছিল। শুটিংয়েও যার প্রভাব পড়েছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না। তাই এই বিষয়গুলো মিটিয়ে নিতে চাই।’
তাজু কামরুলের পরিচালনায় ‘ছায়াবাজ’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন সায়ন্তিকা। এই সিনেমার শুটিং চলাকালীনই ‘টাইগার’ নামের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা।











































