Home জাতীয় নিষিদ্ধ ঘোষিত দুই জঙ্গি সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত দুই জঙ্গি সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

78

ঢাকা অফিস।।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর দুই ও ‘আল্লাহ’র দল’-এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তাররা হলো আনসারুল্লাহ বাংলা টিমের সাকির আহমদ (১৯) ও মুজাহিদুল ইসলাম (১৯) এবং আল্লাহ’র দলের ইউনুস আলী (২৫)। তাদের কাছ থেকে উগ্রবাদী পুস্তক, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার এটিইউর পুলিশ সুপার (অপারেশন্স) ছানোয়ার হোসেন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার মুজাহিদুল জয়পুরহাটের পাঁচবিবির দেবখণ্ডা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে। সাকির একই এলাকার পাড়ইলের মাহবুব আলমের ছেলে। এ ছাড়া ইউনুস গাইবান্ধা পলাশবাড়ীর গৃধারীপুরের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, ইউনুস আল্লাহ’র দলের সক্রিয় সদস্য। ২০১৭ সালে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার শাহী ঈদগাহ ময়দান এলাকায় বৈঠকের সময় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। সেখান থেকে পালিয়ে যায় সে। পরে এসএমপির কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর ইউনুসসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত আসামিদের প্রত্যেককে সাত বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের রায় দেন। ইউনুস ছয় বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের বিরুদ্ধে জয়পুরহাট পাঁচবিবি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ইউসুফকে আগের মামলা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।