যশোর অফিস
যশোরে সাতটি নদনদীতে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে ৯টি সেতু। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ছাড়পত্র না নিয়ে কম উচ্চতায় তৈরি হচ্ছে এসব সেতু। উচ্চতার বিষয়ে আপত্তি জানিয়ে বিআইডব্লিউটিএ পাঁচ মাস আগে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) চিঠি দিলেও কাজ হয়নি। সেতুগুলোর নির্মাণ ব্যয় ৪৩ কোটি টাকা।
বিআইডব্লিউটিএর ভাষ্য মতে, নিচু হওয়ার কারণে বর্ষা মৌসুমে এসব সেতুর নিচ দিয়ে বড় নৌযান চলাচল করতে পারবে না। কার্যত অকার্যকর হয়ে পড়বে নৌপথগুলো। এর আগে অপরিকল্পিত এসব সেতু নির্মাণ বন্ধ করে নদী বাঁচানোর দাবি জানিয়েছিল যশোরের পাঁচটি পরিবেশবাদী সংগঠন। তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও দেয়। বিআইডব্লিউটিএ খুলনার নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দীন জানান, নদীর ওপর সেতু নির্মাণের ক্ষেত্রে নেভিগেশন ক্লিয়ারেন্স (ছাড়পত্র) নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু যশোরে ৯টি সেতু নির্মাণের ক্ষেত্রে ছাড়পত্র নেওয়া হয়নি। সেতুগুলোর উচ্চতা কম হওয়ায় নদীতে ছোট ও মাঝারি আকারের নৌযান চলাচল বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, এর আগে এলজিইডিকে দুটি চিঠি দেওয়া হয়। কিন্তু তারা আমলে নেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এলজিইডি যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বিআইডব্লিউটিএ ছাড়পত্র ছাড়াই সেতু নির্মাণের বিষয়টি স্বীকার করেছেন। তাঁর দাবি, উচ্চতার শর্ত মেনেই সেতুগুলো নির্মাণ করা হচ্ছে।
জানা গেছে, যশোরের মনিরামপুর উপজেলার টেকারঘাট এলাকায় টেকা নদীর ওপর পুরোনো সেতু ভেঙে সেই জায়গায় নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। পানি থেকে এই সেতুর উচ্চতা খুবই কম। একই উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে মুক্তেশ্বরী নদীর দেড় কিলোমিটারের মধ্যে কম উচ্চতার দুটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। এর মধ্যে সুবলকাঠি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। এখন চলছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। হাজরাইল সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। দুটি সেতু নির্মাণ করতে মুক্তেশ্বরী নদীতে মাটির বাঁধ দেওয়া হয়েছে।
একই উপজেলার নেহালপুর এলাকায় শ্রী নদীর ওপর সেতু নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। মনিরামপুর ও চিনাটোলা এলাকায় হরিহর নদের ওপর পুরোনো সেতু ভেঙে কম উচ্চতায় দুটি সেতু নির্মাণ করা হচ্ছে। যশোর সদর উপজেলার দাইতলা এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলায় ভৈরব নদের ওপর নির্মিত পুরোনো দুটি সেতু ভেঙে নির্মাণ করা হচ্ছে কম উচ্চতার দুটি সেতু।
বাঘারপাড়া উপজেলার খাজুরা ও সীমাখালীতে চিত্রা নদীর ওপর কম উচ্চতার একটি সেতু হচ্ছে। শার্শা উপজেলায় বেতনা নদীর এক কিলোমিটারের দূরত্বের মধ্যে কাজীরবেড়-ইসলামপুর মোড়ে ও শেয়ালঘোনা গাতিপাড়া এবং নিশ্চিন্তপুর গ্রামের সংযোগস্থলে দুটি সেতু নির্মাণ করা হচ্ছে। এগুলোর উচ্চতাও কম।
বিআইডব্লিউটিএ বলছে, সেতুগুলোর কোনোটির ক্ষেত্রে উচ্চতার শর্ত মানা হয়নি। সেতুর উচ্চতা হওয়ার কথা পানির স্তর থেকে গার্ডারের নিচ পর্যন্ত ১৬ থেকে ২৫ ফুট। কিন্তু এই সেতুগুলোর উচ্চতা ৪ দশমিক ৫৯ ফুট থেকে ১১ দশমিক ৫০ ফুট পর্যন্ত। ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় সেতুগুলো নির্মাণ করছে এলজিইডি।
ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, “নদী প্রবহমান করতে সংস্কার করা হচ্ছে। কিন্তু অপরিকল্পিত এসব সেতু সে ক্ষেত্রে অন্যতম বাধা। আমরা এসব সেতু নির্মাণের বিরোধিতা করে আসছি। কারণ অনিয়মের মাধ্যমে সেতু নির্মাণ ‘নদী হত্যা’র শামিল।”
তিনি বলেন, জেলা সমন্বয় কমিটির সর্বশেষ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে এলজিইডি, সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডকে প্রজ্ঞাপন অনুযায়ী মানদণ্ড মেনে সেতু নির্মাণে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু সেই নির্দেশনা মানছে না সেতু নির্মাণকারী কর্তৃপক্ষ।











































