Home খেলাধুলা একটি জয় পেলে সেটাই আমাদের জন্য দুর্দান্ত হবে

একটি জয় পেলে সেটাই আমাদের জন্য দুর্দান্ত হবে

14

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন ইংলিশ কোচ জেমি ডে। কোচের সঙ্গে চুক্তি সেরে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচের প্রস্তুতি শুরুর পরিকল্পনাও করেছে। আগস্টের প্রথম সপ্তাহে ৪৪ জন ফুটবলার ডেকে তাদের করোনাভাইরাস টেস্ট করিয়ে আইসোলেশনে রাখা হবে। জেমি ডে আসবেন আগস্টের মাঝমাঝি। তিনি এসে আইসোলেশনে থাকবেন এক সপ্তাহ। আগস্টের তৃতীয় সপ্তাহে শুরু হবে আবাসিক ক্যাম্প।
বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি চার ম্যাচে কোচের লক্ষ্য কি? তা নিয়ে গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেছেন কোচ জেমি ডে। সেখানে তিনি বাকি ৪ ম্যাচ থেকে কিছু পয়েন্ট পাওয়ার প্রত্যাশা করেছেন। এই চার ম্যাচের মধ্যে কেবল কাতারের সঙ্গে খেলবে তাদের মাঠে। বাকি তিন প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ঘরের মাঠে। তিনটি হোম ম্যাচ আছে বলেই কোচ ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করছেন। জেমি ডে বরাবরই বলে আসছেন গ্রুপের অন্য চারটি দলই আমাদের চেয়ে শক্তিশালী। তাদের বিরুদ্ধে বলে-কয়ে জয় পাওয়াটা সহজ হবে না। তবে আগের ম্যাচগুলোতে তার শিষ্যরা যে পারফরম্যান্স করেছে, তাতে কোচ আশাবাদী-কিছু পয়েন্ট পাওয়া যাবে। আর ভারত ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে যদি একটি জয় পাওয়া যায়, সেটা হবে দুর্দান্ত।
নতুন করে চুক্তি হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কোচ বলেছেন, ‘প্রত্যেকটি ম্যাচই আমাদের জন্য কঠিন। তবে আমাদের ইতিবাচক থাকতে হবে। চেষ্টা করতে হবে বাকি ৪ ম্যাচ থেকে কিছু পয়েন্ট সংগ্রহ করার। কিন্তু প্রথমে কাজ হবে ফুটবলাদের সেভাবে তৈরি করা। কারণ, অনেকদিন খেলার মধ্যে নেই তারা।’ বাংলাদেশের সঙ্গে নতুন করে চুক্তি করতে পেরে জেমি সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘আমি আনন্দিত যে বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করার জন্য নতুন করে চুক্তি করতে পেরেছি। বিগত দুই বছর আমরা ভালো সময় কাটিয়েছি। আমি দারুণ উপভোগও করেছি। ভালো কয়েকটি ম্যাচ ছিল আমাদের। কিছু অর্জনও ছিল। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে।’
গত দুই বছরে জেমি ডে’র অধীনে বাংলাদেশ জাতীয় দল ১৯টি ম্যাচ খেলেছে। অনূর্ধ্ব-২৩ দল খেলেছে ১১ ম্যাচ। জাতীয় দল জিতেছে ৮ ম্যাচ, দুটি ম্যাচ ড্র করেছে এবং হেরেছে ৯ ম্যাচে। জেমির অধীনে অনূর্ধ্ব-২৩ দলের খেলা ১১ ম্যাচের ৩টি জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং ৬টি হেরেছে।

জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন নাপোলি

ক্রীড়া প্রতিবেদক
টাইব্রেকারের পঞ্চম শটটি নেয়ার অপেক্ষায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হয়তো শেষ শটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেবেই দল থেকে নেয়া হয়েছিল এ সিদ্ধান্ত। কিন্তু পাওলো দিবালা ও দানিলোর ভুলে চার শটেই ম্যাচ হেরে যায় জুভেন্টাস। ফলে আর টাইব্রেকারে শট নেয়া হয়নি রোনালদো।
বুধবার রাতে ক্যারিয়ারের ৩০তম শিরোপার খোঁজে কোপা ইতালিয়ার ফাইনাল খেলতে নেমেছিলেন রোনালদো। তার দল জুভেন্টাসের লক্ষ্য ছিলো ৩১তম কোপা ইতালিয়ান শিরোপা। অন্যদিকে প্রতিপক্ষ নাপোলির লক্ষ্য একটাই, চাই শিরোপার স্বাদ। সবশেষ ২০১৩-১৪ মৌসুমের কোপা ইতালিয়া জিতেছিল ঐতিহ্যবাহী দল নাপোলি। এরপর আর কোন শিরোপা জেতা হয়নি তাদের। অবশেষে ছয় বছর পর ২০১৯-২০ মৌসুমের কোপা ইতালিয়া দিয়েই কাটল শিরোপা খরা। ফাইনাল ম্যাচে গোলশূন্য ড্র’র পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে নাপোলি।
রোমের ফাইনাল ম্যাচে প্রায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করেছে নাপোলিই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস সে অর্থে তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি। দলের সেরা তারকা রোনালদো পুরো ম্যাচে শট নিতে পেরেছেন মাত্র ৩টি, যার দুইটিই ছিল লক্ষ্যভ্রষ্ট। অন্যটি ফিরিয়ে দিতেও খুব একটা বেগ পাননি নাপোলি গোলরক্ষক। বারবার নাপোলির আক্রমণ থেকে নিজেদের জাল অক্ষত রাখেন আগামী জানুয়ারিতে ৪৩ বছর পূর্ণ করতে যাওয়া জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ম্যাচের ২৬ মিনিটে অবশ্য পান ভাগ্যের সহায়তা। লরেন্সো ইনসিগনের ফ্রি কি বাধাপ্রাপ্ত হয় সাইডবারে। বিরতির ঠিক আগে দিয়ে ফের আক্রমণে ওঠেন ইনসিগনে, এবারও রক্ষাকর্তা বুফন। তবে তিনি দলকে বড় বাঁচা বাঁচিয়েছেন দ্বিতীয়ার্ধের অতিরিক্ত যোগ সময়ে। ম্যাচের ৯৩ মিনিটে খুব কাছ থেকে হেড করেন সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মাকসিমোভিচ। বাঁ দিকে ঝাপিয়ে পড়ে ঠেকান বুফন, ফিরতি বলে আবার শট হয়। সেটিও ঠেকিয়ে কোনমতে জাল অক্ষত রাখেন বুফন।
ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নায়ক নাপোলি গোলরক্ষক মেরেট। জুভেন্টাসের প্রথম শট নেন পাওলো দিবালা, ঠেকিয়ে দেন মেরেট। দ্বিতীয় শটে বারের অনেক ওপর দিয়ে মারেন দানিলো। অন্যদিকে টানা চার শটে গোল করে শিরোপা উল্লাসে মাতে নাপোলি। তখনও বাকি ছিলো রোনালদোর পঞ্চম শটটি।

জাতীয় দলে সাবেক নারী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
সুইনু প্রু মারমা ও মাইনু মারমা রাঙামাটির এই দুই বোন একসঙ্গেই দাপিয়েছেন ফুটবল মাঠ। দুই বছরের ছোট-বড় সুইনু ও মাইনু বাংলাদেশের নারী ফুটবলের পরিচিত মুখ।
২০০৫ থেকে টানা ৯ বছর নারী ফুটবল দলের মাঝমাঠের চালিকা শক্তি ছিলেন রাঙামাটির কাউখালির সুইনু ও মাইনু। তাদের মধ্যে বড় সুইনু নতুন ভূমিকা নিয়ে আবার ফিরেছেন জাতীয় দলের সঙ্গে। হেড অব উইমেনস ফুটবল উইংস হিসেবে গত ১ এপ্রিল বাফুফেতে চাকরি নিয়েছেন বাংলাদেশ আনসারের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলা এই মিডফিল্ডার। বাফুফেতে যোগ দেয়ার পরপরই অবশ্য করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় সবকিছু। তাই এখন গাজীপুরে স্বামী-সন্তান নিয়ে সময় কাটাচ্ছেন নারী জাতীয় ফুটবল দলের সাবেক এই তারকা।

ফিফার তালিকাভুক্ত রেফারিদের সরঞ্জাম প্রদান

ক্রীড়া প্রতিবেদক
রেফারি ও সহকারী রেফারি মিলে যে ১২জন ২০২০ সালে ফিফার তালিকাভুক্ত হয়েছেন, তাদের সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। ফিফার পাঠানো জার্সি, বাঁশি ও পতাকাসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামাদি রেফারিদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০২০ সালের তালিকাভুক্ত ৬জন ফিফা রেফারি হলেন মিজানুর রহমান, জালাল উদ্দিন, আনিসুর রহমান, গোলাম মুর্শেদ চৌধুরী নয়ন, বিটু রাজ বড়ুয়া ও জয়া চাকমা। ৬জন সহকারী রেফারি হলেন মো. মনির আহমেদ ঢালি, মো. নুরুজ্জামান, শেখ ইকবাল আলম, মাহমুদ হাসান মামুন, আবদুর রহমান ঢালি, শরিফুজ্জামান খান টিপু।
গতকাল বৃহস্পতিবার বাফুফে ভবনে রেফারিদের কাছে ফিফা প্রদত্ত সরঞ্জামাদি হস্তান্তর করেছেন বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন এবং বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

ভারতের বিশ্বকাপ জয়ে কালি

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটে ফিক্সিংয়ের ঘটনা আছে অহরহ। তাই বলে বিশ্বকাপ ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচও কি ফিক্সিং হতে পারে? হ্যাঁ, এবার এমন তথ্যই ওঠে এলো সামনে। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে লেগে গেল কলঙ্কের দাগ।
গতকাল বৃহস্পতিবার চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। তিনি আবার ওই বিশ্বকাপের সময়ই ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী। তাই তার কথা একেবারে ফেলে দেয়ার মতো নয়।
লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রীর দাবি, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। ‘সিরিসা টিভি’র সঙ্গে এক সাক্ষাৎকারে মাহিন্দানন্দা বলেন, ‘আমি আজ আপনাদের বলে দিচ্ছি, ২০১১ বিশ্বকাপের ফাইনালটা আমরা বিক্রি করে দিয়েছিলাম। যখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম, তখনও এটাই বিশ্বাস করতাম।’

কে হচ্ছেন আইসিসি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
সামনের মাসেই শেষ হচ্ছে আইসিসি’র বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহরের মেয়াদ। চাইলে তিনি পরের মেয়াদের জন্যও প্রার্থী হিসেবে আরেকবার দাঁড়াতে পারেন। তবে ভারতীয় এই ক্রিকেট সংগঠক সাফ জানিয়ে দিয়েছেন, আরেকবার এই পদে দায়িত্ব পালনে মোটেও ইচ্ছুক নন তিনি।
সম্ভাব্য তালিকায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানির নাম শোনা যাচ্ছিল। গতকাল বৃহস্পতিবার এহসান মানিও জানিয়ে দিলেন আইসিসি সভাপতির চেয়ারে আবার বসার কোনো ইচ্ছে তারও নেই। তাহলে সম্ভাব্য তালিকায় আপাতত দুজনের নামই শোনা যাচ্ছে ভারতের সৌরভ গাঙ্গুলি ও ইংল্যান্ডের কলিন জে গ্রেভস। দু’জনেই বর্তমানে নিজ দেশের ক্রিকেট বোর্ড সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে এই দুজনের কেউ আইসিসি সভাপতি হতে চাই- প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি। তবে তাদের পরিচিতজনরা ঠিকই তাদের নামে ঢোল ফাটিয়েছেন।

আর্সেনালকে উড়িয়ে দিল ম্যান সিটি

ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপা জিতবে লিভারপুল, এটা প্রায় নিশ্চিত। তবু বাকি লড়াই চলছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সরাসরি জায়গা করে নেয়ার জন্য। টেবিলের সেরা চারে থাকতে পারলেই মিলবে সেই সুযোগ।
আর এটি পেতে বাকি প্রায় সব ম্যাচই জিততে হতো আর্সেনালকে। কিন্তু করোনা বিরতির পর মাঠে ফিরে ছন্নছাড়া ফুটবল খেলে প্রথম ম্যাচে পাত্তাই পেল না মিকেল আর্টেটার দল। লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে হেরে গেছে ৩-০ ব্যবধানে।
ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের পুরো ৯০ মিনিটে তিনবার মাত্র জালের উদ্দেশ্যে শট করতে পেরেছে আর্সেনাল। যার মধ্যে একটিও ছিল না লক্ষ্য বরাবর। অন্যদিকে ১৭ বার শট করে ১১টিই লক্ষ্যে রাখে পেপ গার্দিওলার শিষ্যরা। যেখানে গোল হয়েছে তিনটি। এ জয়ের পর ২৯ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্র’তে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরও সুসংহত করেছে সিটিজেনরা। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে শিরোপা প্রত্যাশী লিভারপুল। লিগে সপ্তম পরাজয়ের স্বাদ পাওয়া আর্সেনাল ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে।

পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে ভেরনার

ক্রীড়া প্রতিবেদক
লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইন্টার মিলান ইউরোপিয়ান ফুটবলের বড় বড় নাম। এই কাবগুলোর প্রত্যেকটির নজরে ছিলেন টিমো ভেরনার। বয়স মাত্র ২৪, তাছাড়া আক্রমণভাগের সব পজিশনে খেলতে পারার সামর্থ্য দলবদলের বাজারে ‘হট কেক’ করে তুলেছিল জার্মান তারকাকে। তবে এদের সবাইকে পেছনে ফেলে ভেরনারকে পাওয়ার দৌড়ে জয়ী চেলসি।
জার্মান স্ট্রাইকারকে পাঁচ বছরের জন্য ঘরে তুলেছে ইংলিশ কাবটি। গতকাল বৃহস্পতিবার ভেরনারকে কেনার বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। জার্মান কাব আরবি লাইপজিক থেকে আনতে ব্লুদের খরচ ৪৭.৫ মিলিয়ন পাউন্ড। চুক্তি অনুযায়ী সপ্তাহে ভেরনারের বেতন ১ লাখ ৭০ হাজার পাউন্ড। চুক্তি সেরে ফেললেও ২৪ বছর বয়সী জার্মান স্টামফোর্ড ব্রিজে আসবেন বুন্দেসলিগা শেষ করে। অর্থাৎ, সামনের মৌসুম থেকে প্রিমিয়ার লিগ কাবের সঙ্গী হচ্ছেন তিনি।

টেস্ট দল ঘোষণা করল ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হবে আগামী মাসে। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলতে ক্যারিবীয়রা ইতোমধ্যে পাড়ি জমিয়েছে স্বাগতিকদের মাটিতে। এই সিরিজকে সামনে রেখে ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড।
৮ জুলাই থেকে টেস্ট সিরিজ শুরু হবে, স্বাগতিক দল যার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে আগামী ২৩ তারিখ থেকে। ৩০ সদস্যের স্কোয়াড থেকে প্রথম টেস্টের দল বাছাই করা হবে তিনদিনের প্রস্তুতি ম্যাচের পর। টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে ফিরেছেন অলরাউন্ডার মঈন আলী, ইতোপূর্বে যিনি লঙ্গার ভার্সন থেকে বিরতি নিয়েছিলেন। দলে ৮জন ক্রিকেটার রয়েছেন, এখনো যাদের টেস্টে অভিষেক হয়নি।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড : মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডম বেস, জেমস ব্রেসি, স্টয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাওলি, স্যাম কারান, জো ডেনলি, বেন ফকস, লুইস গ্রেগোরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জো রুট, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, আমার ভির্দি, ক্রিস ওকস, মার্ক উড।

২৫ জুন ক্রিকেট ফিরছে শ্রীলঙ্কায়

ক্রীড়া প্রতিবেদক
ভারতের শ্রীলঙ্কা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এরইমধ্যে টুর্নামেন্ট শুরু করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ২৫ জুন থেকে দেশটির শীর্ষ ক্রিকেটারদের নিয়েই শুরু হতে যাচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্ট।
এ মাসেই অনুশীলনে ফিরেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটারদের একাংশ। এবার মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্ট। যেখানে দলের বাইরে থাকা বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ক্রিকেটারদেরকেও দেখা যাবে। আগামী ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম পিডিসি টি-টেন লিগ। টুর্নামেন্টটি চলবে মোট ১২ দিন। আয়োজিক হবে মোট ৪৬টি ম্যাচ। মোট ৮টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টটিতে। এক গ্রুপে ৪টি দল করে দুই ভাগে ভাগ করা হবে। ম্যাচগুলো সব অনুষ্ঠিত হবে অনুরাধাপুরে।

বার্সার সঙ্গে নতুন চুক্তি করছেন মেসি

ক্রীড়া প্রতিবেদক
স্প্যানিশ লিগ বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তিতে বিশেষ একটি শর্ত ছিল। চলতি মৌসুম শেষে মেসি চাইলে অন্য কাবে যোগ দিতে পারবেন। কিন্তু করোনার কারণে নির্ধারিত সময়ে লিগ শেষ হয়নি। এর মধ্যে মেসির অন্য কাবে যোগ দেওয়ার যে শর্ত ছিল সেটি পার হয়ে গেছে। মেসি তাই বার্সেলোনার সঙ্গেই নতুন চুক্তি করতে যাচ্ছে।
সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভ জানিয়েছে, কাতালানদের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি। অর্থাৎ বার্সা তাকে দুই বছরের চুক্তি দেবে। তার সঙ্গে লা লিগা জায়ান্টদের চুক্তি আছে ২০২১ মৌসুম পর্যন্ত। দ্রুতই ওই চুক্তিতে মেসি সই করবেন বলেই খবর।

পাপের প্রায়শ্চিত্ত শেষে ক্রিকেটে ফিরছেন শ্রীশান্ত

ক্রীড়া প্রতিবেদক
তিনি ছিলেন ভারতের তারকা ক্রিকেটারদের একজন, কিন্তু টাকার লোভ সামলাতে পারেননি। আইপিএল ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে নিষিদ্ধ হয়েছিলেন। অনেক আইন-আদালত-মামলার পর চলতি বছরের সেপ্টেম্বরে শেষ হতে যাচ্ছে তার নির্বাসনের মেয়াদ।
শুধু তাই নয়, বিতর্কিত এই পেসারকে ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ দিতে চলেছে তারই রাজ্য দল! এই খবর পেয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েছেন শান্তাকুমারন শ্রীশান্ত।
২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন ২০১১ বিশ্বকাপজয়ী এই ভারতীয় পেসার। তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল! এরপর অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্রীশান্তকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই। ২০১৫ সালে স্পট ফিক্সিং মামলা থেকে মুক্তি পেলেও বিসিসিআই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। বোর্ডের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২০১৮ সালে কেরালা হাইকোর্টে মামলা করেন শ্রীশান্ত। এরপর আদালতের নির্দেশে শ্রীশান্তের নির্বাসনের মেয়াদ কমিয়ে ৭ বছর করে দেয় বিসিসিআই।