স্টাফ রিপোর্টার।।
সন্ত্রাস, ছাত্র রাজনীতি, র্যাগিং ও মাদককে না বলে শপথ নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে নবাগতদের পাঁচ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন এ শপথ বাক্য পাঠ করান। এ সময় ছয়টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করেন।
এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তোমাদের ভবিষ্যৎ কীভাবে তৈরি হবে, তা সম্পূর্ণ তোমাদের হাতে। এজন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে আদর্শ মানুষ হতে হবে। দেশ, জাতি ও সমাজের নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অনন্য এক বিশ্ববিদ্যালয়। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া ও গবেষণার প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়। এ প্রতিষ্ঠানের গ্রাজুয়েটরা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সফলতার স্বাক্ষর রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার ও শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোছা. তাছলিমা খাতুন। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর প্রধান এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কি টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন। এছাড়াও কর্মশালায় ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন্স ইন কেইউ’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ইন কেইউ’ শীর্ষক আরও চারটি সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তি নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সফলতা অর্জনের বিভিন্ন দিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম কানুন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাস বিতরণ করা হয়। কর্মশালার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদ ও শিক্ষা অনুষদের আওতাধীন ছয়টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।











































