মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুরে ব্যাটারিচালিত ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মিরাজ হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী। শনিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয় গ্রামের মোকলেস হোসেনের ছেলে। নহাটা আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। গুরুতর আহত ছাব্বির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহতের চাচা ইকলাস হোসেন জানান, মিরাজসহ দুই বন্ধু একই মোটরসাইকেলে মাগুরা যাচ্ছিল। রাজাপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে ২ আরোহী সড়কের উপর ছিটকে পড়ে। দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিরাজ মারা যান। আহত সাব্বিরের অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপরু থানার ওসি বোরহান-উল ইসলাম বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।











































