স্পোর্টস ডেস্ক।।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশে খেলা তার পরেরদিন, স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে। টুর্নামেন্টটি উপলক্ষে আজ রোববার দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে যাচ্ছেন না ওপেনার লিটন দাস। বহরে নেই পেসার এবাদত হোসেনের চোটে সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিবও।
বিসিবি সূত্রে জানা গেছে, তানজিমের আলাদা ফ্লাইট আছে। তবে, জ্বরে ভুগছেন লিটন। এরই মধ্যে ডেঙ্গু পরীক্ষা করালেও সেটি নেগেটিভ এসেছে। সুস্থ হয়ে লিটনের আগামীকাল রওনা দেওয়ার কথা রয়েছে। অসুস্থতা না কমলে বিকল্প ভাবা হবে বলেও জানা গেছে।
চোটের কারণে আগেই এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। তাই ওপেনিংয়ে অভিজ্ঞ লিটনকে খুব করে চাইছে বাংলাদেশ। লিটনের সঙ্গে ওপেনিংয়ে নামার সম্ভাবনা আছে তরুণ তানজিম হাসান তামিমের। লিটন থাকলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ শুরুর আশা করতে পারে বাংলাদেশ।
এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাঈম শেখ।











































