খুলনাঞ্চল রিপোর্ট।।
সাপ্তাহিক ছুটির দিনে সিলেটে ঘুরতে যাওয়ার পথে চিরছুটিতে চলে গেছেন সাত বন্ধু। নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন তারা। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাক দ্রুতগতিতে আরেকটি
গাড়িকে ওভারটেক করতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণঘাতী এই দুর্ঘটনাটি ঘটে। এতে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। পুলিশ ঘাতক ট্রাকচালককে আটক করেছে। তবে মাইক্রোবাস চালকের খোঁজ পাওয়া যায়নি।
হতাহতরা ঢাকার সাভার উপজেলা আশুলিয়ার এসবি নিটিং নামের একটি পোশাক কারখানার কর্মী। ওই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে তারা সবাই একসঙ্গেই চলাফেরা করতেন। শুক্রবার ছুটির দিনে দলবেঁধে মাইক্রোবাসে করে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তারা। বেপরোয়া গতির পাথরবোঝাই ট্রাকচাপায় নিমেষেই শেষ হলো তাদের আনন্দযাত্রা।
নিহতরা হলেনÑ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন, ঝালকাঠি উপজেলার পারগোপারপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ, মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আবদুল আউয়াল, বরিশালের মুলাদি উপজেলার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান ও কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা। আহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেনÑ সাকি, পারভেজ ও দোয়েল। দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শী মো. ইমরান আল ইসলাম বলেন, আমি একটি বাসে করে যাচ্ছিলাম। অ্যাক্সিডেন্ট দেখে আমাদের চালক বাস থামিয়েছিল। বাস থেকে নেমে দেখি সবাই কাতরাচ্ছিল। কালেমা পড়ে ৫ জনকে পানি খাওয়াচ্ছিলাম। খুব কষ্ট লাগছিল। মনে হচ্ছিল কেউই বাঁচার মতো না। একজনের পা ভেঙে উল্টে ছিল, মাথায়ও আঘাত ছিল। উনাকে পানি খাওয়ানোর সময় আমার হাত ধরে উঠতে চাচ্ছিল। তার চোখে অনেক আকুতি ছিল বাঁচার। অন্তরটা কেঁদে উঠেছিল। মন থেকে দোয়া করেছিলাম আল্লাহর কাছে। তখন পুলিশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। অনুরোধ করেছিলাম, ওই লোকটার শরীরে এখনো বল আছে, উনাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলে হয়তো বাঁচবে, নইলে রক্তক্ষরণে মারা যাবে। জানি না তারা কি করেছিল পরে। কারণ তাকিয়ে দেখি আমার বাস আমাকে ফেলে চলে গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালের মর্গে আসেন এসবি নিটিং কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. শিহাব উদ্দীন। তিনি বলেন, চালক ও আরেকজন ছাড়া মাইক্রোবাসটিতে অবস্থান করা নয়জনই তাদের প্রতিষ্ঠানের কর্মী। কিছুদিন ধরেই তারা সিলেটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সে অনুযায়ী গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে চালকসহ ১১ জন ওই মাইক্রোবাসে চড়ে সিলেট রওনা হন। কিন্তু পথেই দুর্ঘটনায় ৭ জন মারা গেলেন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, রাত তিনটার কাছাকাছি সময়ে এই দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিল। ঘাসিরদিয়া এলাকায় অন্য একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে চলে আসা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন। খবর পেয়ে দ্রুত ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান এবং নিহত ৫ জনের লাশ উদ্ধার করেন। হাসপাতালটিতে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত ছয়জনকে রাতে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত পাওয়া যায়। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ কবির হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস ও পাথরবোঝাই ট্রাক জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ট্রাকটির চালকও আটক আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, ট্রাকচাপায় হতাহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। নিহত সাতজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়কে প্রাণহানি আরও ৬
সদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে ফয়সাল খান নামে এক আরোহী নিহত হন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল পাশের চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগি গ্রামের আলমগীর খানের ছেলে।
বাগেরহাট : রামপাল উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ রামপাল উপজেলার শংকর নগর এলাকার মোহাম্মদ বাশারের ছেলে মোহাম্মদ এনামুল, বেলাই এলাকার মো. মোতাচ্ছেরের ছেলে আরিফ এবং ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুরের ছেলে সাইদুল। নিহতরা বেলাই এলাকার একটি মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন।
ফটিকছড়ি : ফটিকছড়িতে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় বাসের চাপায় জাহানারা বেগম নামে এক গৃহবধূ নিহত হন। তিনি ৩ কন্যা সন্তানের জননী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে গতকাল দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি-নাজিরহাট সৈয়দ-সৈয়দা স্কুলের সামনে। জাহানারা ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পল্লান বাড়ির জাগির হোসেনের স্ত্রী।
ঈশ্বরদী: ঈশ্বরদীতে ভুটভুটি উল্টে আবির (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু ও ১৪ শ্রমিক গুরুতর আহত হন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার সাহাপুর মহাদেবপুর দরগাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের আবদুল মজিদ হাজির ছেলে। সে বক্তারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
মাদারীপুর : ঢাকা-খুলনা এক্সপ্রেস ওয়ের শিবচরে ঢাকাগামী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আরও ৪ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এছাড়াও বাসের ১২ যাত্রী সামান্য আহত হন। গতকাল দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মো. আকাশ আলী। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গুটিয়া কায়া গ্রামের মন্টু শেখের ছেলে।











































