Home খেলাধুলা আমলাকে ছাড়িয়ে ১০০ ইনিংস শেষে শীর্ষে বাবর

আমলাকে ছাড়িয়ে ১০০ ইনিংস শেষে শীর্ষে বাবর

50

স্পোর্টস ডেস্ক।।

ওয়ানডেতে হাল আমলের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। মাঠে নামলেই যেন রেকর্ড তার পায়ে লুটোপুটি খায়। গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নিজের শততম ম্যাচ খেলেন বাবর। এদিনও হয়ে গেল একটি রেকর্ড।

ওয়ানডেতে শততম ইনিংসে ৫৩ রান করার পর বাবরের ক্যারিয়ার রান দাঁড়ালো ৫ হাজার ১৪২। এই সংস্করণে ১০০ ইনিংস খেলার পর ইতিহাসের কোনো ব্যাটারই এত রান করতে পারেননি। রেকর্ড যদিও আগেই হয়েছিল, অপেক্ষা ছিল ১০০ ইনিংস খেলার।

বাবরের আগে ১০০ ইনিংস শেষে সবচেয়ে বেশি রানের কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলার। ৪ হাজার ৯৪৬ রান স্টাইলিশ এই ব্যাটারের। তাই ১০০ ইনিংস খেলে ৫ হাজার রানের দেখা পাওয়া একমাত্র ব্যাটার বাবরই।

 

এদিকে, বাবরের এমন কীর্তির দিনে ১৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। ওয়ানডেতে এটি তার ৫ম সেঞ্চুরি। মাত্র ২৩ ইনিংস খেলেই ৫ সেঞ্চুরি পেয়ে গেলেন গুরবাজ। এর চেয়ে কম ইনিংস খেলে ৫ সেঞ্চুরি আর মাত্র দুজন ব্যাটারই করতে পেরেছেন।

 

পাকিস্তানের ইমাম-উল-হক ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক মাত্র ১৯ ইনিংস খেলেই ৫ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৫ সেঞ্চুরি করতে বাবরের লেগেছিল ২৫ ইনিংস।