Home আঞ্চলিক রাতে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি সুমি, সকালে মিলল বিবস্ত্র মরদেহ

রাতে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি সুমি, সকালে মিলল বিবস্ত্র মরদেহ

101

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজিয়া খাতুন সুমি (২৬) নামের এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মৃত বাদশা প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম নামে এক যুবককে পুলিশ আটক করেছে।

নিহতের স্বামী রকিব আলী জানান, রাতে ঘরে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এ সময় সুমির মোবাইলে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার বিবস্ত্র মরদেহ ভাসতে দেখি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি করছি।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে গৃহবধূ রাজিয়া খাতুন সুমির ভাসমান অবস্থায় বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।