স্পোর্টস ডেস্ক।।
অলিম্পিক সাঁতারু হেলেন স্মার্টকে কদিন আগে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। যেখানে তার ৪ বছরের শিশুকন্যা বলে, ‘বাবা আমি মাকে জাগাতে পারছি না।’ খবর দ্য সানের।
প্রতিবেদনে বলা হয়, মেডেলজয়ী তারকা থেকে শিক্ষক পেশা বেছে নেওয়া হেলেনকে চলতি মাসের ১২ আগস্ট মৃত অবস্থায় তার ঘরে পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর বয়স।
হেলেনের মৃত্যুর পর তার মা লিন্ডা জানান, কীভাবে তিনি তার মেয়ের লাশ ভোর ৪টায় আবিষ্কার করেন। যেখানে এই তারকার ৪ বছরের মেয়েই প্রথম মৃতদেহ শনাক্ত করে বলে জানান তিনি।
ডেইলি মেইলকে লিন্ডা বলেন, ‘হেইডি (হেলেনের ৪ বছরের মেয়ে) রাতে জেগে ওঠে ও হেলেনের বিছানায় উঠে পড়ে। সে পরে তার বাবাকে বলে “ড্যাডি মাম্মি জাগছে না।” তার বাবা বলে, “সে খুবই ক্লান্ত হেইডি, তুমি তোমার বিছানায় যাও।”
লিন্ডা আরও বলেন, ‘আমরা এরপর যা দেখি তাতে হতবাক হয়ে যাই। এটা বিশ্বাস করার মতো না। সে কিছুক্ষণ আগেও নৌকার প্যাডেল চালিয়েছে, এমনকি সে অসুস্থও ছিল না। তার ঘুমের ভেতরেই মৃত্যু হয়েছে।’
ব্যাকস্ট্রোক স্পেশালিস্ট এই অ্যাথলেট টিম গ্রেট ব্রিটেনের হয়ে ২০০০ সালের সিডনি অলিম্পিকে লড়েন। তার ক্রীড়া নাম হেলেন ডন-ডানকান।
১৯৯৮ সালে কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ এবং বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোপৌ জেতেন হেলেন।
দুই সন্তানের জননী হেলেন সিডনি অলিম্পিকের পর অবসর নেন। এরপর তিনি উইগানের ওরসলি মেসনেস কমিউনিটি প্রাইমারি স্কুলে প্রধান হিসেবে কাজ শুরু করেন।










































